পান্নুন হত্যা ষড়যন্ত্র মামলা
অজিত দোভাল ও ভারতের সাবেক ‘র’ প্রধানকে মার্কিন আদালতের সমন!
ছবি: বা থেকে গুরপতবন্ত সিং পান্নুন, অজিত দোভাল ও সামন্ত গোয়েল
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। শিখস ফর জাস্টিসের (এসএফজে) নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা দেওয়ানি মামলায় তাদের কাছে সমন পাঠানোর পথ খুলে দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। তবে অভিযোগগুলোকে ‘বানানো ও বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও মামলার কোনো ভিত্তি নেই। ভারতে বিদেশি আদালতের আইনি নথি পাঠানোর অনুরোধ কেবল আইন ও বিচার মন্ত্রণালয়ের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে করা সম্ভব বলেও জানান তিনি।
এর আগে ৯ নভেম্বর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা দোভাল ও গোয়েলের কাছে ভারতের আদালতের মাধ্যমে সমন পৌঁছানোর আবেদন অনুমোদন করেন। এ জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পান্নুনকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
২০২৪ সালে দায়ের করা মামলায় ভারত সরকারসহ কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করা হয়। পান্নুনের অভিযোগ, ২০২৩ সালে নিউইয়র্কে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো। ভারত এসব অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, মামলার নথি ভারতের ওয়াশিংটন দূতাবাসে পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করলেও জানিয়েছে, এতে মামলার অভিযোগের বিষয়ে মার্কিন সরকারের কোনো অবস্থান প্রকাশ পায় না। সূত্র: হিন্দুস্তান টাইমস্
বিভি/এমআর













মন্তব্য করুন: