রয়টার্স এক্সক্লুসিভ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এআই চিপ কিনলো চীনা বিশ্ববিদ্যালয়
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা সত্ত্বেও এনভিডিয়ার অত্যাধুনিক এইচ২০০ এআই চিপ কিনেছে চীনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একটি বিশ্ববিদ্যালয়। গত মাসে দুটি চিপ কেনার পাশাপাশি চলতি বছর দেশীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানের কাছ থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন চিপযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগও নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ক্রয়সংক্রান্ত নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে চীনের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি গত মাসে দুটি এইচ২০০ চিপ কিনেছে। ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশিত ক্রয়সংক্রান্ত নথি অনুযায়ী, চিপ দুটির দাম ছিল ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান, যা প্রায় ১ লাখ ২৩ হাজার মার্কিন ডলারের সমান।
চীনের শানসি প্রদেশের শিয়ান শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ নামে পরিচিত সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনের প্রতিরক্ষা খাতের গবেষণায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়ও রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট স্কুলের জন্য কেনা চিপ দুটি সরাসরি এনভিডিয়ার কাছ থেকে সংগ্রহ করা হয়নি। বরং শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি নামের একটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে সেগুলো কেনা হয়েছে।
এমন এক সময়ে চিপ কেনার তথ্য সামনে এল, যখন চীনে এআই চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে লবিং করায় যুক্তরাষ্ট্রে সমালোচনার মুখে পড়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। হুয়াংয়ের যুক্তি, চীনে মার্কিন চিপ বিক্রি অব্যাহত থাকলে প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় থাকবে এবং চীনা গ্রাহকেরা মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবেন। তবে মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা, এনভিডিয়ার শক্তিশালী চিপ চীনের অস্ত্র নকশা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও সামরিক আধুনিকায়নে এআইয়ের ব্যবহার বাড়াতে পারে।
চীনের হাতে উন্নত এআই চিপ পৌঁছানো ঠেকাতে আরও কঠোর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে চিপের গতিবিধি শনাক্ত করার ব্যবস্থা এবং রপ্তানির ওপর কংগ্রেসের নজরদারি বাড়ানো। এদিকে চীনা গোয়েন্দা সংস্থার এক কথিত সদস্যের সঙ্গে যোগাযোগের অভিযোগে আগামী ১৮ নভেম্বর হুয়াংয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন রিপাবলিকান দলের তিনটি কংগ্রেসনাল কমিটির চেয়ারম্যান।
নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট-সংশ্লিষ্ট গবেষণা হয়। ক্ষেপণাস্ত্র বিস্তার ও সামরিক গবেষণায় সংশ্লিষ্টতার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকা বা ‘এনটিটি লিস্টে’ যুক্ত করে। ২০১৯ সালে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়টিতে নিয়ন্ত্রিত মার্কিন প্রযুক্তি রপ্তানির অনুমোদন সাধারণত প্রত্যাখ্যান করার নীতি নেওয়া হয়।
রয়টার্স চলতি বছরের ২৬টি চীনা সরকারি ক্রয় ও করপোরেট নথি পর্যালোচনা করে দেখেছে, দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার চিপ কিনছে অথবা এসব চিপ ব্যবহার করা কম্পিউটিং সেবা ভাড়া নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির সঙ্গে চীনের প্রতিরক্ষা শিল্প ও সামরিক গবেষণার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
নথি অনুযায়ী, নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের সাইবার নিরাপত্তা স্কুল জানুয়ারিতে দুটি সাত মাসের চুক্তি করে। এর আওতায় আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগ নেওয়া হয়। চুক্তি দুটির মূল্য ছিল যথাক্রমে ৪ লাখ ৪১ হাজার ৭০০ ও ৪ লাখ ৪১ হাজার ইউয়ান। এআই মডেল উন্নত করা এবং রিইনফোর্সমেন্ট লার্নিং প্রশিক্ষণে এসব সার্ভার ব্যবহারের কথা ছিল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি আটটি এনভিডিয়া এ১০০ এবং আটটি এ৮০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগও ভাড়া নিয়েছে। এ১০০ ও এ৮০০ চিপ চীনের কোনো প্রতিষ্ঠানের কাছে রফতানির অনুমতি নেই। এপ্রিলে বিশ্ববিদ্যালয়টির আরেকটি ইনস্টিটিউট কাঠামোগত ও তরলগতিবিদ্যা-সংক্রান্ত সিমুলেশনের জন্য কম্পিউটিং সেবা কেনে। ৩ লাখ ৭৫ হাজার ইউয়ানের ওই চুক্তিতে অন্তত ২৪টি এ১০০ চিপ ব্যবহারের কথা ছিল।
চীনের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার চিপ কেনা ও ব্যবহারের তথ্য পেয়েছে রয়টার্স। শেনজেন বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরে তিনটি এইচ১০০ চিপ কিনেছে ৭ লাখ ৬৯ হাজার ৮০০ ইউয়ানে। উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি জুনে এইচ১০০ চিপযুক্ত একটি সার্ভার কেনে ৩ লাখ ৫৫ হাজার ইউয়ানে। একই বিশ্ববিদ্যালয় আলাদা চুক্তিতে ৩ লাখ ৪৪ হাজার ইউয়ানে চারটি এ১০০ চিপ কেনে।
‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’-এর আরেক সদস্য বেইহাং ইউনিভার্সিটি এপ্রিলে চারটি এ৮০০ চিপ কেনে ৪ লাখ ৮৯ হাজার ইউয়ানে। এ ছাড়া চীনা একাডেমি অব সায়েন্সেসের একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এনভিডিয়ার এইচ৮০০ ও এ৮০০ চিপ ব্যবহার করে কম্পিউটিং সেবা দেওয়ার সরবরাহকারীদের নামও সরকারি ক্রয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে রয়টার্স জানিয়েছিল, চীনের বিভিন্ন প্রতিষ্ঠান সুপার মাইক্রো কম্পিউটার, ডেল ও গিগাবাইটের তৈরি সার্ভারে যুক্ত থাকা নিষিদ্ধ এনভিডিয়া চিপ দেশীয় পুনর্বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করেছে। বিদেশের মজুত এবং তৃতীয় দেশের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চীনে নিষিদ্ধ চিপের একটি গোপন বাজারও গড়ে উঠেছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জানুয়ারিতে নির্দিষ্ট শর্তে এইচ২০০ চিপ চীনে রফতানির অনুমতি দেওয়া শুরু করে। তবে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো নিষেধাজ্ঞার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলাদা বিধিনিষেধ বহাল রয়েছে। নতুন নীতিতে রফতানি করা চিপ যেন নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠান বা সামরিক ব্যবহারকারীরা দূর থেকে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করার শর্তও রয়েছে।
তবে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে নিষেধাজ্ঞার আওতাভুক্ত চিপ কেনা ও ব্যবহারের যেসব তথ্য উঠে এসেছে, তাতে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স
বিভি/আরটিএস/পিএইচ













মন্তব্য করুন: