• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

স্কটল্যান্ড-আয়ারল্যান্ডও তালিকায়

ইতালির ৬৩০০ স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি, বড় সাইবার হামলার শঙ্কা

প্রকাশিত: ২২:৪৭, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৫২, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইতালির ৬৩০০ স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি, বড় সাইবার হামলার শঙ্কা

ছবি: আলজাজিরা

ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব হুমকিকে প্রকৃত নিরাপত্তাঝুঁকি নয়, বরং সম্ভাব্য বড় সাইবার হামলার অংশ বলে মনে করছেন দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা। একই ধরনের ভুয়া হুমকি পেয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের ৭০০টির বেশি স্কুলও। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বুধবার (১১ নভেম্বর) ইতালির শিক্ষামন্ত্রী ভালদিতারা দেশটির টেলিভিশনকে বলেন, ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে বিমান, সুপারমার্কেট এমনকি হাসপাতালকে লক্ষ্য করে যেভাবে ধারাবাহিক হুমকি দেওয়া হচ্ছে, তার পেছনে একটি সুস্পষ্ট কৌশল রয়েছে। তার ধারণা, এসব ঘটনার উদ্দেশ্য আতঙ্ক ও উদ্বেগ ছড়ানো।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও বলেছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি ভবন খালি করা হলেও এখন পর্যন্ত তদন্তে বাস্তব কোনো বিপদের প্রমাণ পাওয়া যায়নি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব হুমকি মূলত আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে নেওয়া কোনো কৌশলের অংশ বলে মনে হচ্ছে।

ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার একটি ই-মেইল দেশটির মোট ৭ হাজার ৪৭৬টি সরকারি স্কুলের মধ্যে ৬ হাজার ৩০০টির ইনবক্সে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বেসরকারি স্কুলগুলো এ হুমকির আওতায় ছিল না। ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত দি মিসোজিনিস্তানের নেতা’ পরিচয়ে পাঠানো বার্তাটি অনেক স্কুলে আতঙ্ক সৃষ্টি করে।

বুধবার ইতালির মিলানের একটি স্কুলের প্রধান শিক্ষক আন্না বেরতাতো দেশটির সংবাদমাধ্যমকে বলেন, তিনি অনলাইনে ই-মেইল প্রেরকের ঠিকানা যাচাই করে দেখেছেন। তাইওয়ানের একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আগেই ঠিকানাটিকে স্প্যাম হিসেবে চিহ্নিত করেছিলেন।

মিলানের আরেক স্কুলের প্রধান শিক্ষক মাসিমো নুনজিও বারেল্লা আদনক্রোনোস সংবাদ সংস্থাকে বলেন, বুধবার সকাল ৮টা ৫৯ মিনিটে ই-মেইলটি পাওয়ার পরই তার কাছে সেটি স্প্যাম বলে মনে হয়েছিল। তাই তিনি স্কুল খালি করার সিদ্ধান্ত নেননি। পরে ফোন করে খোঁজ নেওয়া অভিভাবকদেরও আশ্বস্ত করেন।

বারেল্লা বলেন, ‘বার্তাটির ভাষা প্রায় হাস্যকর মনে হচ্ছিল। মনে হচ্ছিল, মঙ্গলগ্রহ থেকে কেউ বার্তা পাঠিয়েছে—“আমরা তোমাদের ধ্বংস করতে এসেছি।” এমনকি বিষয়টি পড়ে আমার একটু হাসিও পেয়েছিল।’

বুধবার শুরুতে অনেক স্কুল খালি করা হলেও দ্রুতই সতর্কতা প্রত্যাহার করা হয় এবং শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষে ফিরতে দেওয়া হয়। কিছু অভিভাবক অবশ্য সেদিনের জন্য সন্তানদের বাড়িতে নিয়ে যান। তবে মিলানের অধিকাংশ স্কুল শিক্ষার্থীদের ছুটি দেয়নি।

ইতালির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দেশটির প্রায় ২৮০ জন স্কুলপ্রধানও একই ধরনের হুমকি পেয়েছেন। দেশটির উমব্রিয়া অঞ্চলের প্রধান স্তেফানিয়া প্রোয়েত্তি এক বিবৃতিতে বলেন, অঞ্চলটির স্কুলগুলোতে এখন পর্যন্ত চালানো তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি অভিযোগ দ্রুত ও সতর্কতার সঙ্গে যাচাই করছে।

অন্যদিকে, স্কটল্যান্ডে অন্তত ৪৭০টি স্কুলে একই ই-মেইল পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে হুমকিগুলোকে দ্রুত ভুয়া বলে শনাক্ত করা হয়েছে। বিশ্বাসযোগ্য কোনো ঝুঁকির ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানিয়েছে তারা।

উত্তর আয়ারল্যান্ডে ৩০০টি হুমকি পাওয়ার পর শিক্ষা কর্মকর্তারা পুলিশ ভিন্ন নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল খোলা রাখার পরামর্শ দিয়েছেন। গত মাসেও ই-মেইলে হুমকি পাওয়ার পর সেখানকার কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর আগে গত সপ্তাহে ইতালির বিভিন্ন বিমানবন্দর এবং ইউরোপের অন্য কয়েকটি দেশের বিমান সংস্থাও ধারাবাহিক বোমা হামলার ভুয়া হুমকির মুখে পড়ে। এতে আতঙ্ক, ভবন খালি করা এবং ব্যাপক ভোগান্তির ঘটনা ঘটে। কয়েকটি হুমকির দায় একটি উগ্র নারীবিদ্বেষী গোষ্ঠী স্বীকার করলেও পরে ভুয়া সতর্কবার্তাগুলোর সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে সংগঠনটি।

সূত্র: বিবিসি

বিভি/বিবিসি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত