১৪ বছর পর স্পেনে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট, রাস্তায় লাখ লাখ মানুষ
ছবি: গার্ডিয়ান
স্পেনে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। ক্রমবর্ধমান বাড়িভাড়া ও আবাসন সংকটের প্রতিবাদে বুধবার (১১ নভেম্বর) দেশজুড়ে ২৪ ঘণ্টার এ ধর্মঘটে অংশ নিয়েছেন লাখো মানুষ। বিভিন্ন স্থানে পিকেটিং ও বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এমন এক সময়ে এ ধর্মঘট অনুষ্ঠিত হলো, যখন আসন্ন নির্বাচনে কট্টর ডানপন্থিদের ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি ভাড়াটিয়াদের সংগঠনগুলোও এ ধর্মঘটে সমর্থন জানিয়েছে। আন্দোলনের মূল দাবি, আবাসন সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মাদ্রিদ ভাড়াটিয়া ইউনিয়নের সান্দ্রা মোরার ভাষায়, শ্রমিকেরাই একই সঙ্গে ভাড়াটিয়া কিংবা বাড়ির ঋণের কিস্তি পরিশোধকারী। উৎপাদন বন্ধ করে অর্থনীতিকে অচল করে দেওয়ার ক্ষমতাও তাদের রয়েছে। তাই নিজেদের শক্তি সম্পর্কে মানুষকে স্মরণ করিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ।
শ্রমিক সংগঠনগুলোর দাবি, গাড়ি নির্মাণ ও বন্দর খাতে ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ৯০ শতাংশ এবং বর্জ্য সংগ্রহ খাতে ৮২ শতাংশ। তবে অঞ্চলভেদে অংশগ্রহণের হার ভিন্ন ছিল। কাতালোনিয়া ও আন্দালুসিয়ার মতো উপকূলীয় অঞ্চলে ধর্মঘটের প্রতি সমর্থন ছিল সবচেয়ে বেশি। এসব এলাকায় আবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ধর্মঘটের কারণে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল অথবা সীমিত পরিসরে কার্যক্রম চালিয়েছে। মাদ্রিদে প্রায় এক মাস ধরে চলা শিক্ষকদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে এই কর্মসূচি। উন্নত কর্মপরিবেশের দাবিতে শিক্ষকরা আগে থেকেই ধর্মঘট পালন করে আসছিলেন।
বার্সেলোনায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে গণপরিবহন প্রায় অচল হয়ে পড়ে। মাদ্রিদে দেশটির প্রধান পাইকারি বাজারের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বড় বড় পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের পাত্র সড়কে এনে যান চলাচলে বাধা দেওয়া হয়। বুধবার দুপুর পর্যন্ত দেশজুড়ে ছোটখাটো সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় ২৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে সরকার।
এদিকে বিকেলের বিক্ষোভ মিছিলগুলোকে সামনে রেখে আবহাওয়ার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা দুটি ঝড়ের কারণে ১৪টি সতর্কতা জারি করেছে। ঝড়ের প্রভাবে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র ও ভারী বৃষ্টিপাত হতে পারে।
স্পেনে আবাসন ব্যয় বেড়ে যাওয়ার ক্ষোভ গত সেপ্টেম্বরে ব্যাপকভাবে সামনে আসে। সে সময় ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার সাত দশকের বেশি সময়ের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এরপর দেশজুড়ে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীদের অভিযোগ, আবাসন বাজারে বাড়িগুলো ক্রমেই পর্যটকদের ভাড়া দেওয়ার সম্পত্তি, মুনাফার বিনিয়োগ এবং স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনে পরিণত হচ্ছে। এতে গত এক দশকে বাড়িভাড়া ৮০ শতাংশ এবং বাড়ির দাম ৬৩ শতাংশ বেড়েছে।
ধর্মঘটের আগে গ্রানাডার ভাড়াটিয়া ইউনিয়ন শহরের পর্যটনপ্রধান এলাকায় স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনের প্রায় ৩০০টি চাবির বাক্স ভাঙচুর করে। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচির ছবি প্রকাশ করে পুঁজিপতি, ভাড়ার ব্যবসা থেকে মুনাফা করা ব্যক্তি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানায়।
আবাসন অধিকারকর্মী ও শ্রমিক সংগঠনগুলো বাজারে সরকারের আরও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছে। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে অসহায় ও ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের উচ্ছেদে বিধিনিষেধ, বাড়িভাড়া স্থগিত রাখা এবং স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনের ওপর কঠোর নিয়ন্ত্রণ।
দেশটির অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন ওয়ার্কার্স কমিশনের প্রধান উনাই সোর্দো বলেন, স্পেনকে বিভক্ত করে দেওয়া একটি বড় ইস্যু হলো আবাসন পাওয়ার লড়াই।
আগামী ২৯ নভেম্বর স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবাসন সংকট মোকাবিলায় জরুরি আইন প্রণয়নের উদ্যোগ ডানপন্থি দলগুলো আটকে দেওয়ার পর সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম নির্বাচনের ঘোষণা দেন।
সূত্র: গার্ডিয়ান
বিভি/জিডি/পিএইচ













মন্তব্য করুন: