• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নর্থ হলিউডে পথচারী ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের গাড়িচাপা, নিহত ৩

প্রকাশিত: ২২:২৯, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নর্থ হলিউডে পথচারী ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের গাড়িচাপা, নিহত ৩

ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায় পথচারী ও ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের ওপর একটি এসইউভি গাড়ি উঠে যাওয়ার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মেট্রোরেলের একটি প্রবেশপথের কাছে ব্যস্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, গাড়িচালকের নাম ইহোর ডেমিয়ানেঙ্কো। তার বয়স ৬১ বছর। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কারাগারের নথি অনুযায়ী, তার জামিনের অর্থ নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ ৩০ হাজার ডলার। তবে তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা জানা যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি সাদা রঙের এসইউভি অন্তত পাঁচজন পথচারীকে ধাক্কা দেয়। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অন্তত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গাড়িচালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনাস্থল থেকে চালককে গাড়ি থেকে বের করার পর তার সঙ্গে কথা বলা যাচ্ছিল। তবে তাকে কিছুটা হতবিহ্বল মনে হচ্ছিল বলে জানান এলএপিডির ক্যাপ্টেন ওয়ার্নার কাস্তিলো। মঙ্গলবার রাতে ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চালক ইচ্ছাকৃতভাবে এমনটি করেছেন, নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

এলএপিডির মেজর কলিশন ইনভেস্টিগেশন টিম ও ভ্যালি ট্রাফিক বিভাগের গোয়েন্দারা ঘটনাটি তদন্ত করছেন। স্থানীয় সংবাদমাধ্যম কেসিবিএস/কেসিএএল জানিয়েছে, চালক অন্য একটি গাড়িকে এড়ানোর চেষ্টা করছিলেন। ওই গাড়িটি আইন মেনেই নিরাপদে চলছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাঞ্জেলা পার্কার জানান, সংঘর্ষের সময় তিনি বিকট শব্দ শুনতে পান। তার ভাষ্য, গাড়িটি কাচের ওপর আছড়ে পড়ে এবং চারদিকে কাচ ছড়িয়ে যায়। তিনি দুর্ঘটনায় জড়িত চার নারীকে চিনতেন। তারা খাবার বিক্রি করতেন এবং অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করতেন বলেও জানান তিনি।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তার কার্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে বাসস্টেশনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এলএপিডি প্রধান জিম ম্যাকডোনেল বলেন, কী ঘটেছিল তা নিশ্চিত করতে তদন্তে সময় লাগবে। তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।

সূত্র: সিএনএন

বিভি/সিএনএন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত