বোমা আতঙ্কে ইতালির ৩০০ স্কুল খালি!
ইতালিতে বেনামি ই-মেইলে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের প্রায় ৩০০টি স্কুলে একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদে সরিয়ে নিয়ে স্কুলগুলোতে তল্লাশি চালায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল। তবে এখন পর্যন্ত কোনো স্কুলে বোমার সন্ধান পাওয়া যায়নি।
সকাল ১০টার দিকে পাঠানো ওই ই-মেইলে দাবি করা হয়, স্কুলের ভেতরে প্লাস্টিকের ব্যাগে শক্তিশালী বোমা রাখা হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ, কারাবিনিয়েরি ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বিভিন্ন স্কুলে পৌঁছে তল্লাশি শুরু করেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদে ভবন থেকে বের করে আনা হয়।
দেশটির ভেনেতো অঞ্চলেও এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভেনিসের লিসিও মার্কো পোলো ও লিসিও ফসকারিনি, মেস্ত্রের লিসিও জিওর্দানো ব্রুনো, পাদোভার লিসিও টিটো লিভিও এবং কাম্পোসাম্পিয়েরোর নিউটন-পের্টিনিসহ পাদোভা, ত্রেভিজো, বেল্লুনো ও ভিসেঞ্জার বেশ কয়েকটি স্কুল খালি করা হয়।
তদন্তসংশ্লিষ্ট ডিআইজিওএস ও কারাবিনিয়েরি জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এসব হুমকি ভুয়া। কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাস্তব ঝুঁকির আশঙ্কা প্রায় নেই। এটি সাইবার হামলার অংশ হতে পারে।
এদিকে প্রবাসী অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না এলে সন্তানদের নিতে ছুটে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীরা নিরাপদে রয়েছে বলেও জানানো হয়েছে।
বিভি/এমইউএস/পিএইচ













মন্তব্য করুন: