• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ চরমে, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’

প্রকাশিত: ১৫:১৩, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ চরমে, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’

মধ্যপ্রাচ্যের রণকৌশল ও আঞ্চলিক নীতি নির্ধারণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও বেনইয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য চরম পর্যায়ে পৌঁছেছে। এর প্রতিফলন দেখা গেছে তাদের সাম্প্রতিক এক ফোনালাপে; যেখানে ইরান যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে দুই নেতা তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করা হবে কিনা, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরাইলের প্রধানমন্ত্রীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। দুই নেতার ফোনালাপ একপর্যায়ে ‘নারকীয় চিৎকার-চেঁচামেচিতে’ রূপ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

১২ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, দুই নেতার মধ্যে মতবিরোধ আরও তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করার পর এই বিরোধ চরমে পৌঁছেছে। তবে নেতানিয়াহুর দপ্তর ফোনালাপে উত্তপ্ত পরিস্থিতি তৈরির খবর অস্বীকার করেছে। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও দপ্তর থেকে বলা হয়েছে, কথোপকথনটি মোটেও উত্তপ্ত ছিল না।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে পুনরায় হামলার জন্য ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু প্রায় প্রতিদিনই তাকে ফোন করছেন। আলোচনার বিষয়ে অবগত এক সূত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, নেতানিয়াহু যুদ্ধ শুরু করার জন্য প্রতিদিন ট্রাম্পকে ফোন করছেন। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যারা নতুন করে যুদ্ধ চান না, তারা নেতানিয়াহুর এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করছেন।

ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এ ধরনের মতপার্থক্য এবারই প্রথম নয়। এর আগে গত জুনেও এক উত্তপ্ত ফোনালাপের পর ট্রাম্প সংবাদমাধ্যমে নেতানিয়াহুকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। চলতি মাসের শুরুতে ইসরাইলি চ্যানেল ১২-এর ওয়াশিংটন করেসপন্ডেন্ট বারাক রাভিদ ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আরেকটি ফোনালাপের খবর দিয়েছিলেন। যেখানে বলা হয়, নেতানিয়াহু ট্রাম্পকে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলে। 

তবে নেতানিয়াহুর ধারাবাহিক চাপের পরও ইরানে হামলার পক্ষে অবস্থান নিচ্ছেন না ট্রাম্প। সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন ইরানে হামলার বিষয়ে তার কোন পরিকল্পনা নেই। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার “কোনো কারণ নেই” বলে তিনি মনে করেন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই নেতার এই বাগ্‌বিতণ্ডার মূলে রয়েছে নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতি। নেতানিয়াহু নিজ দেশে ডানপন্থী জোট টিকিয়ে রাখতে এবং নিজের রাজনৈতিক অবস্থান সুসংহত করতে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থান ধরে রাখতে বাধ্য হচ্ছেন। বিপরীতে, মধ্যবর্তী নির্বাচনে হারের পর ট্রাম্প তার সমর্থকদের কাছে "যুদ্ধ বন্ধকারী" হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে এবং বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে চাইছেন। ট্রাম্প সরাসরি সামরিক অভিযানে না গিয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চান।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: