আবারও কিম জং উনের মৃত্যুর গুজব!
ছবি: কিম জং উন
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মারা গেছেন— শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবরে তোলপাড় চলছে। ফেসবুক, ইউটিউব, টিকটক আর এক্স-এ ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর খবর, হাসপাতালের ছবি আর মরদেহের ভিডিও। কিন্তু আসল ঘটনা কী? অনুসন্ধানে দেখা গেছে, পুরো বিষয়টি একটি ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছুই নয়।
গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা ভিন্নমতাবলম্বী ওয়ানজুন শিয়ে এক্স-এ পোস্ট করে দাবি করেন, কিম জং উনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় চলে গেছেন। পরে তাকে বেইজিংয়ে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান। তার এই পোস্টটিকে লুফে নেয় ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান, নিউ ইয়র্ক পোস্ট এবং ভারতের ইকোনমিক টাইমস। এরপরই মুহূর্তের মধ্যে গুজবটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
তবে চাঞ্চল্যকর এই দাবির পক্ষে ওয়ানজুন শিয়ে কোনো ধরনের মেডিকেল রিপোর্ট, ছবি বা প্রমাণ হাজির করতে পারেননি। এর আগেও তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিং-এর মৃত্যু নিয়ে একই ধরনের ভুয়া খবর ছড়িয়েছিলেন বলে জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিমের হাসপাতালে শুয়ে থাকার ছবিটি এআই দিয়ে তৈরি বলে প্রমাণিত হয়েছে। আর মৃত্যুর ঘোষণার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি আসলে ২০১১ সালের পুরনো ফুটেজ— সেখানে উত্তর কোরিয়ার সংবাদ পাঠিকা কিমের বাবা কিম জং ইলের মৃত্যুর ঘোষণা দিচ্ছিলেন। সেই পুরনো ভিডিওকেই নতুন বলে চালিয়ে দেওয়া হয়।
২৩ অক্টোবর দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) দেশটির পার্লামেন্টকে স্পষ্ট জানিয়ে দেয়, কিম জং উনের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। তাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর প্রকাশ করা ছবিতে দেখা যায়, ১৯ অক্টোবর পিয়ংইয়ংয়ে পোশাক ও জুতার প্রদর্শনী ঘুরে দেখছেন কিম জং উন। সাথে ছিলেন স্ত্রী রি সোল-জু এবং মেয়ে কিম জু-এ। ছবিতে তাকে সম্পূর্ণ সুস্থ ও হাসিমুখে দেখা গেছে। এরপর ২ নভেম্বর নাম্পো শিপইয়ার্ডে নতুন যুদ্ধজাহাজ পরিদর্শনেও যান তিনি। সূত্র: ইয়োনহ্যাপ, এএফপি, রয়টার্স
বিভি/এমআর













মন্তব্য করুন: