• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সুপার এল নিনোর শঙ্কা, জলবায়ু বিপর্যয়ে বড় ঝুঁকির মুখে গোটা বিশ্ব

প্রকাশিত: ১৭:৪৭, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুপার এল নিনোর শঙ্কা, জলবায়ু বিপর্যয়ে বড় ঝুঁকির মুখে গোটা বিশ্ব

ছবি: জিডি

জলবায়ু সংকটের মধ্যেই নতুন উদ্বেগ হয়ে দেখা দিয়েছে সুপার এল নিনো। অন্তত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোর আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তীব্র খরা, দাবদাহ, বন্যা, দাবানল ও ফসলহানির মতো দুর্যোগ আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এতে খাদ্য ও পানির সংকটের পাশাপাশি লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর দুর্যোগ মোকাবিলায় অর্থায়নের বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। সম্ভাব্য বিপর্যয় সামাল দিতে এসব দেশকে দ্রুত প্রস্তুতি নিতে হচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, এল নিনো বিশ্বজুড়ে আবহাওয়ার পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং জলবায়ুজনিত ঝুঁকি বাড়িয়ে দেবে।

ইতোমধ্যে আবহাওয়ার ধরনে পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল ও ফসলহানি, যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, সুদানে তীব্র খরা এবং ইকুয়েডর ও সোমালিয়াসহ কয়েকটি দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডসেও খরা ভয়াবহ আকার ধারণ করেছে। বৃষ্টির পানির ওপর দেশটির মানুষের পানির চাহিদা অনেকাংশে নির্ভরশীল। ইতিমধ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দেশটির জলবায়ুবিষয়ক দূত ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, এটি একটি বহুমাত্রিক সংকট। খরা ইতিমধ্যে আঘাত হেনেছে। এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি তাদের ঘরবাড়ি ও পানীয় জলের উৎসকে হুমকির মুখে ফেলছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করলেও সংকট একের পর এক জটিল হয়ে উঠছে।

গত বছর ধনী দেশগুলো বন্যা, তাপপ্রবাহ, দাবানলসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ২০৩৫ সালের মধ্যে বছরে প্রয়োজনীয় ৩০৫ বিলিয়ন ডলারের তুলনায় এখন পর্যন্ত খুব সামান্য অর্থই দেওয়া হচ্ছে। জলবায়ু তহবিল সরবরাহে ধনী দেশগুলোর প্রতিশ্রুতি পূরণে ধারাবাহিক ঘাটতি রয়েছে।

এল নিনোর প্রভাবে আগামী বছর এই অর্থসংকট আরও প্রকট হয়ে উঠতে পারে। ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশের দায় সবচেয়ে কম, তারাই এখন এমন ব্যয়ের বোঝা বহন করতে বাধ্য হচ্ছে, যা তাদের পক্ষে সামাল দেওয়া কঠিন।

তিনি আরও বলেন, এল নিনো সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে, অথচ তাদের মোকাবিলার সক্ষমতা সীমিত। অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় আরও কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন। ধনী দেশগুলো অর্থ নেই বলে দাবি করলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামরিক খাতে অর্থ ব্যয় করছে। কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ দিচ্ছে না।

ডিসেম্বরে এল নিনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এরপর এর প্রভাব আগামী বছরজুড়েও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এল নিনোর প্রভাবে আগামী বছরই পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থলভাগে তাপপ্রবাহ, ফসলের ঘাটতি এবং অতিবৃষ্টি বা অনাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রবালপ্রাচীর বিবর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জলবায়ুবিজ্ঞানী ও ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী বিল হেয়ার বলেন, এল নিনোর প্রভাব কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এর কারণে বৈশ্বিক উষ্ণায়নের গতি আরও তীব্র বলে মনে হতে পারে। খাদ্য ও পানির সংকট, খরা এবং কোনো কোনো অঞ্চলে ভয়াবহ বন্যার সঙ্গে সংশ্লিষ্ট মানবিক বিপর্যয় আরও বাড়বে। তবে এসব ঝুঁকির ভয়াবহতা এখনো যথাযথভাবে উপলব্ধি করা হচ্ছে না।

জাতিসংঘের কর্মকর্তারা পূর্ব আফ্রিকার পরিস্থিতি নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। সেখানে খরা আরও তীব্র হলে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হতে পারেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আশঙ্কা করছে, এল নিনোর কারণে কেনিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান ও উগান্ডা- এই চার দেশেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩০ লাখে পৌঁছাতে পারে।

ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার আন্তন লেইস গার্সিয়া বলেন, এ বছর এল নিনোর পূর্বাভাস নিয়ে তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন। বিশ্বজুড়ে অনেক এলাকায় মানুষ বাস্তুচ্যুত হলেও পূর্ব আফ্রিকার অঞ্চলটি বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, কেনিয়ায় ভুট্টার উৎপাদন ইতিমধ্যে ৪০ শতাংশ কমে যাচ্ছে। এর ফলে দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য খাদ্যের প্রাপ্যতা কমবে। একই সঙ্গে নতুন করে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কেনিয়ার সক্ষমতাও সীমিত হয়ে পড়বে।

কপ৩১ সম্মেলনে অংশ নেওয়া জলবায়ু অধিকারকর্মীরা বলছেন, আসন্ন এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

কেনিয়াভিত্তিক গবেষণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আদো বলেন, জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে কূটনৈতিক প্রতিশ্রুতির আরেকটি দফার জন্য অপেক্ষা করা সম্ভব নয়। শুধু প্রতিশ্রুতি দিয়ে ফসল রক্ষা করা যায় না; মানুষের প্রয়োজন মাঠপর্যায়ে কার্যকর সহায়তা ও প্রয়োজনীয় অর্থের জোগান।

উল্লেখ্য, এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি জলবায়ুগত প্রক্রিয়া, যেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে বাতাসের স্বাভাবিক প্রবাহ বদলে গিয়ে বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনেও বড় পরিবর্তন দেখা দেয়। বিজ্ঞানীদের মতে, সুপার এল নিনো হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বাড়তে পারে।

সূত্র: গার্ডিয়ান

বিভি/জিডি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত