এনভিডিয়া সিইওর সঙ্গে জড়িত সেই চীনা গুপ্তচরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ছবি: বিবিসি
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগে আলোচিত এবং চীনা গুপ্তচর সন্দেহে থাকা অ্যালিস হুয়াংকে নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। গত বছরের আগস্টে তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী পদ ছেড়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার চিপের সবচেয়ে বড় ক্রেতা মেগাস্পিডের বিরুদ্ধে চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার উন্নত এআই চিপ ব্যবহারের গোপন সুযোগ করে দেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) মেগাস্পিড জানিয়েছে, তাদের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে তারা। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের ব্যবসা, সরবরাহব্যবস্থা ও বৈশ্বিক কার্যক্রম নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে, যেগুলোর পক্ষে যাচাইযোগ্য প্রমাণ নেই।
মেগাস্পিড আরও বলেছে, তারা বৈধ ও আইনসম্মত ব্যবসা পরিচালনা করে। অভিযোগগুলোর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্তের জন্য বাইরের আইনজীবীও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, এনভিডিয়ার উন্নত চিপ চীনে রফতানির বিষয়টি যথাযথভাবে তদারক না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের দপ্তরকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
শুক্রবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, কয়েক মাস ধরেই একাধিক সংস্থা মেগাস্পিডকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাণিজ্য দপ্তরের হাতে। তাই দপ্তরটির অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে তাদের কাছেই জানতে হবে।
যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘এনটিটি লিস্ট’ বা সত্তা তালিকায় অন্তর্ভুক্ত হলে বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে মার্কিন বাণিজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়।
এনভিডিয়ার উন্নত চিপ রফতানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাণিজ্য দপ্তরের ভূমিকা নিয়ে আগামী মাসে সিনেটের ব্যাংকিং কমিটিতে সাক্ষ্য দিতে লুটনিককে তলব করা হয়েছে। এ ছাড়া কংগ্রেসের অন্য কয়েকটি কমিটি এনভিডিয়া ও জেনসেন হুয়াং-সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণের জন্য লুটনিক এবং তার দপ্তরকে অনুরোধ করেছে।
মেগাস্পিডের বিরুদ্ধে অভিযোগ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে থাকা তাদের ডেটা সেন্টারের মাধ্যমে চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার চিপ ব্যবহারের গোপন সুযোগ বা ‘ব্যাকডোর অ্যাকসেস’ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়ার উন্নত চিপ সরাসরি চীনে বিক্রি নিষিদ্ধ।
সিঙ্গাপুরে বিদেশি কোম্পানির কাছে উন্নত এআই চিপ স্থানান্তরে সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে এ ধরনের লেনদেন যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণবিধি লঙ্ঘন করতে পারে। সিঙ্গাপুর সরকার জানিয়েছে, অন্য দেশের একতরফা রফতানি নিয়ন্ত্রণবিধি তারা কার্যকর করে না। তবে দেশটির আওতাধীন সব প্রতিষ্ঠানের কাছে এ ধরনের বিধিবিধান মেনে চলার প্রত্যাশা করে।
মেগাস্পিড জানিয়েছে, তাদের বৈশ্বিক কার্যক্রম ও সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ কাঠামো সব প্রযোজ্য আইন ও বিধিবিধান মেনে পরিচালিত হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণসংক্রান্ত শর্ত এবং প্রতিষ্ঠানটি যেসব দেশে কার্যক্রম পরিচালনা করে, সেসব দেশের স্থানীয় আইনও অন্তর্ভুক্ত।
অন্যদিকে, অ্যালিস হুয়াং চীনের গুপ্তচর- এমন অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। একই সঙ্গে এ ঘটনাকে এআই প্রযুক্তিতে ‘প্রযুক্তিগত অবরোধ’ আরোপের অজুহাত হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন।
প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে অ্যালিস হুয়াংয়ের পাশাপাশি নিজের এক কর্মীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছিল। এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেগাস্পিডকে ঘিরে ওঠা অভিযোগ এবং এ ঘটনা মিলিয়ে যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপ চীনে পৌঁছেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: