• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় বৃহস্পতিবার, মিয়ানমারের ভাগ্যে কী আছে?

প্রকাশিত: ২১:৫৫, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫৬, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় বৃহস্পতিবার, মিয়ানমারের ভাগ্যে কী আছে?

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে এই রায়। একই সঙ্গে একবিংশ শতাব্দীতে গণহত্যার মতো গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার ও দায় নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।

প্রায় এক দশক আগে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে লাখো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। দীর্ঘ সাত বছর ধরে অভিযোগ ও তথ্য-প্রমাণ পর্যালোচনার পর বৃহস্পতিবার সকালে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজে এ মামলার রায় ঘোষণা করবে।

জাতিসংঘের সাবেক মিয়ানমারবিষয়ক মানবাধিকার তদন্তকারী ইয়াংহি লি বলেন, ‘আইসিজের এই রায় বিশ্বজুড়ে রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘নয় বছর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করতে এবার এই সুযোগ কাজে লাগাতে হবে।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের দমন-পীড়ন ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আইসিজের বিচারকেরা গত সাত বছর ধরে মামলাটি পর্যালোচনা করেছেন।

গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধের পেছনে ‘উদ্দেশ্য’ প্রতিষ্ঠা করা। জাতিসংঘের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড গণহত্যা হিসেবে বিবেচিত হয়।

রোহিঙ্গা নির্যাতনের শিকার শত শত মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের (ল) প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মালভি বলেছেন, মিয়ানমারকে পুরোপুরি দায়ী করার বিষয়ে তিনি ‘সতর্ক আশাবাদী’। তার মতে, মিয়ানমার সরকারের কর্মকাণ্ডে এমন ধারাবাহিক ধরন দেখা গেছে, যা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার সুস্পষ্ট প্রচেষ্টার প্রমাণ দেয়।

মালভি বলেন, ‘গ্রামগুলোতে একই কায়দায় হামলা চালানো হয়েছিল। তারা বেসামরিক মানুষকে আক্রমণ করত, গ্রাম জ্বালিয়ে দিত, নারী ও পুরুষদের আলাদা করত, যৌন সহিংসতা চালাত। মানুষ পালিয়ে যাওয়ার সময়ও তাদের হত্যা করা হতো।’

আসন্ন রায়ের গুরুত্বপূর্ণ দিক হতে পারে ধর্ষণ ও যৌন সহিংসতাকে গণহত্যার অংশ হিসেবে আদালত কীভাবে বিবেচনা করে। মালভির সংগঠন নির্যাতনের শিকার ব্যক্তিদের কাছ থেকে এমন অনেক বর্ণনা সংগ্রহ করেছে, যেখানে সেনাসদস্যদের বিরুদ্ধে নারীদের যৌনাঙ্গ বিকৃত করা এবং মুখে কামড় দেওয়ার অভিযোগ রয়েছে।

মালভি বলেন, এসব নির্যাতনের মাধ্যমে মানুষকে চিহ্নিত করা বা দাগিয়ে দেওয়ার পাশাপাশি তাদের বংশবিস্তার বন্ধ করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘গোষ্ঠীটিকে ধ্বংস করার উদ্দেশ্য প্রমাণে যৌন সহিংসতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে দলবদ্ধ ধর্ষণ করতে হবে, শিশুদের সামনে হত্যা করতে হবে কিংবা প্রকাশ্যে নির্যাতন চালাতে হবে- এমন কোনো শর্ত নেই। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্যই হলো একটি জনগোষ্ঠীকে ধ্বংস করা।’

চলতি বছরের জানুয়ারিতে আইসিজে রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিদের সরাসরি বক্তব্য শুনতে রুদ্ধদ্বার শুনানির আয়োজন করে। বাংলাদেশে আশ্রয়শিবির থেকে কয়েকজন রোহিঙ্গা সেখানে সাক্ষ্য দিতে যান। লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের তথ্য অনুযায়ী, এক সাক্ষী আদালতকে জানান, তার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে ছুরিকাঘাতের পর আগুনে ছুড়ে ফেলা হয়েছিল। আরেক সাক্ষী গণকবরে লাশের স্তূপ দেখার বর্ণনা দেন।

শুনানিতে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাওদা জালো আদালতকে বলেন, এই মামলা আন্তর্জাতিক আইনের জটিল তাত্ত্বিক বিষয় নিয়ে নয়; এটি বাস্তব মানুষ, বাস্তব ঘটনা এবং একটি জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্ন। তিনি বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গাদের ধ্বংস করার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।’ তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সেনাবাহিনীর অভিযান ছিল বিদ্রোহীদের সামরিক তৎপরতা দমনের জন্য।

দীর্ঘ কয়েক দশক ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের ওপর বৈষম্য ও নিপীড়ন বাড়ানো হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে এই সংকট আরও জটিল হয়ে ওঠে।

২০১৭ সালের গ্রীষ্মে রোহিঙ্গা সশস্ত্র একটি গোষ্ঠীর গেরিলা কায়দায় হামলার পর পরিস্থিতির চরম অবনতি ঘটে। এর জবাবে মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা দমন অভিযান শুরু করে।

ওই বছর বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীরা ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে তু লা তো লি গ্রামের গণহত্যার বর্ণনা দিয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, সেখানে বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়। নদীতে ডুবিয়ে হত্যা করা হয় শিশুদেরও। পরে স্যাটেলাইট চিত্রে গ্রামটি পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এই গ্রামের ঘটনা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা গণহত্যার অভিযোগের পক্ষে সংগৃহীত বহু সাক্ষ্যের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হলে দেশটির নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। ২০১৬-২০১৭ সালের অভিযানের সময় তিনি সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। পরে ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি। ওই অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) তদন্ত চলছে। আইসিজি রাষ্ট্রের দায় নির্ধারণ করে, অন্যদিকে আইসিসি ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে। গত এপ্রিলে ব্যাপক সমালোচিত নির্বাচনের পর মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগও নিয়েছেন তিনি।

মিয়ানমারের বাইরেও এই রায়ের ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। বিশেষ করে গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার ক্ষেত্রে আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।

দুটি মামলার মধ্যে কিছু মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই একটি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। তবে ইসরাইলের পক্ষে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী কূটনৈতিক মিত্র রয়েছে।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানও রায়টিকে ঘিরে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবশ্য রোহিঙ্গা সংকটকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

তবে জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সতর্ক করে বলেছেন, আইসিজেকে এমন কোনো মানদণ্ড তৈরি করতে দেওয়া উচিত নয়, যা ‘মিত্রদেশের সেনাদের’ বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। ইসরায়েলি সেনাদের ক্ষেত্রেও এই বক্তব্য প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

মিয়ানমারের বিরুদ্ধে মামলার সমর্থকেরা মনে করেন, রায়ের পর বিভিন্ন দেশের উচিত দেশটিতে অস্ত্র ও জেট জ্বালানি সরবরাহ বন্ধ করা। আইসিজের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের সরাসরি ব্যবস্থা না থাকলেও অতীতে দেশগুলো আদালতের রায় মেনে চলেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও রায় বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতবিরোধসহ বিভিন্ন কারণে এ ধরনের উদ্যোগ কঠিন হতে পারে।

বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতি বাংলাদেশের কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। অন্যদিকে মিয়ানমারে রয়ে গেছেন আনুমানিক ছয় লাখেরও কম রোহিঙ্গা।

মিয়ানমারের ভেতরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা এক রোহিঙ্গা গার্ডিয়ানকে বলেন, তিনি আশা করেন, এই রায় কয়েক দশকের নিপীড়ন ও বৈষম্যের অবসানে সহায়তা করবে।

তিনি বলেন, ‘আমরা শুধু সহানুভূতি চাই না। আমরা ন্যায়বিচার, স্বীকৃতি, সমান অধিকার এবং এমন একটি ভবিষ্যৎ চাই, যেখানে আমাদের সন্তানেরা নিজেদের মাতৃভূমিতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।’

সূত্র: গার্ডিয়ান

বিভি/জিডি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত