• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, দুই তেলবাহী ট্যাংকারে আগুন

প্রকাশিত: ২৩:১২, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালির দক্ষিণে নৌমাইনে আঘাতের পর আগুন ধরে গেছে দুটি তেলবাহী ট্যাংকারে। রবিবার (১৫ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়, অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল ট্যাংকার দুটি। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এদিকে বাহরাইনে ইরানের একাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এসব ঘটনার মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, ট্যাংকার দুটি নিজেদের অবস্থান গোপন রাখতে নেভিগেশন ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ রেখেছিল। এ সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ইরানের চালানো কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বাহিনীটি জানায়, লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই হামলাগুলো ধ্বংস করা হয়েছে। দেশের প্রতিরক্ষা বাহিনীর সব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এর আগে আইআরজিসি দাবি করে, বাহরাইনের আল রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানানো হয়নি। আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে আগ্রাসন চালালে তার জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

এদিকে রবিবার ভোরে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য হুমকির কথা জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলে। তবে কী ধরনের হুমকি ছিল, তা জানানো হয়নি।

অন্যদিকে, শান্তি আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আলজাজিরাকে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িক বন্ধ রাখা বা এর মাত্রা কমানো নিয়ে কোনো আলোচনা চলছে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকেও (আইএইএ) ‘একপেশে ও পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় সহায়তা করছে বলেও দাবি করেন বাঘাই।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পাশাপাশি উৎপাদন বাড়ানো এবং মানুষের জীবন-জীবিকা রক্ষা এখন দেশটির বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি, বেকারত্ব ও পণ্যের দামের ওঠানামা শুধু বক্তৃতা বা পরিপত্র দিয়ে সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আইআরজিসির নতুন ‘মিসাইল সিটি’কে অঞ্চলের কৌশলগত পরিবর্তনের প্রতীক উল্লেখ করে গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি ইরান আর মেনে নেবে না।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও তেহরান আলোচনার টেবিল ছাড়েনি। যুক্তরাষ্ট্র শর্ত মেনে নিলে ইরান আলোচনায় বসতে প্রস্তুত। যুদ্ধ বন্ধ, জব্দ করা অর্থ ছাড় এবং নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

এদিকে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের হামলার পরও ইরানের হাতে দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত, তা নিশ্চিত নয় বলে এ মূল্যায়নে গোয়েন্দাদের আত্মবিশ্বাস কম।

ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দেশটির ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতও উল্লেখযোগ্য। নতুন করে বড় সামরিক অভিযান না চালিয়ে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বজায় রাখছে ওয়াশিংটন।

সূত্র: ইটি

বিভি/ইটি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত