• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩৬ মামলার আসামি নিহত

প্রকাশিত: ২২:০২, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩৬ মামলার আসামি নিহত

ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রতন শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ৩৬টি ফৌজদারি মামলা ছিল।

পুলিশের দাবি, দুই দিন আগে একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তাকে গ্রেফতার করতে গেলে তিনি পুলিশের ওপর গুলি চালান। এতে এক পুলিশ কনস্টেবল আহত হন। ওই ঘটনার পর তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।

বীরভূম জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘ অপরাধের ইতিহাস থাকা রতন শেখকে ধরতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অভিযান চালানো হচ্ছিল। শনিবার আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, রবিবার রতন শেখের অবস্থান শনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার যে পিস্তল দিয়ে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন, সেটি কোথায় রাখা আছে, তা জানতে চাওয়া হয়। পরে তিনি পুলিশকে বীরভূমের নানুর এলাকায় একটি সেতুর কাছে নিয়ে যান। সেখানে পিস্তলটি রাখা ছিল।

ওই কর্মকর্তা বলেন, হঠাৎ পিস্তলটি দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান রতন শেখ। গুলি পুলিশের একটি গাড়িতে লাগে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রতন শেখ গুলিবিদ্ধ হন। পরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভারতের পশ্চিমবঙ্গে মে মাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অপরাধীদের মধ্যে রতন শেখ পঞ্চম। এর আগে নিহত চারজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ ও হত্যার অভিযোগ ছিল। অন্যজন ছিলেন এক বিজেপি কর্মী হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন।

এদিকে রতন শেখের মৃত্যুর বিষয়ে রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

শুক্রবার বোলপুরের শান্তিনিকেতন থানার আওতাধীন লায়েকবাজার বাসস্ট্যান্ড এলাকায় রতন শেখকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় পায়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিভি/এইচটি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত