আচমকা সিকিমের আকাশে চীনের যুদ্ধবিমান! টার্গেট ‘চিকেনস নেক’?
সকাল ৮টা। ভারতে সিকিমের আকাশে হঠাৎই ধরা পড়লো অচেনা এক সামরিক বিমানের গতিবিধি। রাডারে সেটির অবস্থান শনাক্ত করল ভারতীয় বিমানবাহিনী। বিমানটি চীনের দিক থেকে এসেছে বলে জানানো হচ্ছে। সঙ্গে সঙ্গে সেটিকে ফিরে যেতে একের পর এক সতর্কবার্তা পাঠানো হয়। কিন্তু কোনো সতর্কবার্তাই আমলে নেয়নি বিমানটি। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় সিকিমের আকাশে ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করে সেটি। প্রশ্ন উঠছে, কী উদ্দেশ্যে ভারতের এতটা ভেতরে ঢুকেছিল চীনের ওই সামরিক বিমান?
১২ই নভেম্বরের চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ভারতীয় বিমানবাহিনী সকাল ৮টার দিকে বিমানটির গতিবিধি শনাক্ত করে। বিমানটি ঠিক কী ধরনের ছিল, কোন পথে ভারতের আকাশসীমায় ঢুকেছিল এবং ঠিক কখন ফিরে গেছে, এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এটি কি যুদ্ধবিমান, নাকি নজরদারির কাজে ব্যবহৃত কোনো সামরিক বিমান? কোনো নির্দিষ্ট স্থাপনা বা সামরিক অবস্থানের ওপর নজরদারি চালানো কি ছিল এর উদ্দেশ্য? নাকি সীমান্তে ভারতের তৎপরতা যাচাই করছিল বেইজিং? এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।
চীনের নজর কি এখন চিকেনস নেকে? এই প্রশ্ন জোরালো হচ্ছে। আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছে, সিকিমের যে এলাকায় চীনা বিমানটির উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখান থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের দিকে নজর রাখা সম্ভব। পশ্চিমবঙ্গের এই সরু অংশটিই ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাকি দেশের সঙ্গে যুক্ত করেছে।
ভারতের সামরিক রসদ ও পণ্য পরিবহনের জন্য এই করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বড় সংঘাতের সময় এখানে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের স্থল যোগাযোগ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সীমান্তও এই করিডোর সংলগ্ন।
শুধু তাই নয়, সিকিমের কাছেই ডোকলাম মালভূমি। ২০১৭ সালে এই অঞ্চলকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে টানা ৭৩ দিনের অচলাবস্থা তৈরি হয়েছিল। ভুটানের ভূখণ্ডে চীনের সড়ক নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে শুরু হয়েছিল সেই উত্তেজনা। ফলে সিকিমের আকাশে সামরিক বিমানের অস্বাভাবিক উপস্থিতি ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সিকিমে চীনা সামরিক বিমানের উপস্থিতি নিয়ে এরই মধ্যে ভারতের রাজনীতিতে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। বিরোধী দলগুলো একে একে তোপ দাগছে মোদী সরকারের দিকে। তারা প্রশ্ন তুলেছে, এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রক্তচক্ষু’ কোথায় গেল? তিনি কি চীনকে সেটি দেখাবেন?
সামাজিক মাধ্যম এক্স-এ ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, চীন যখন নোংরা নীতি নিয়েছে, তখন মোদীর রক্তচক্ষু কোথায়? এই ঘটনায় বেইজিংয়ের কাছে জোরালো প্রতিবাদ জানানোর দাবি করেছে দলটি। নরেন্দ্র মোদী কোনোভাবেই চীনকে দায়মুক্তি দেবেন না বলে আশা করেছে তারা। তবে এ বিষয়ে ভারত সরকার বা ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
বিভি/এইচজে













মন্তব্য করুন: