• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হরমুজ ঘিরে ফের উত্তেজনা, এবার বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

প্রকাশিত: ২১:৪৯, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫০, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হরমুজ ঘিরে ফের উত্তেজনা, এবার বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিন দিনের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা। তবে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা লক্ষ্য অর্জনের আগেই প্রতিহত ও ধ্বংস করেছে।

রবিবার (১৫ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার স্থাপনা লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

বাহরাইনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা লক্ষ্য অর্জনের আগেই শনাক্ত ও ধ্বংস করেছে। এর আগে শুক্রবারও বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোতে এটিই ছিল ইরানের প্রথম হামলা।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটল। বিশ্বের মোট গ্যাস ও তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তবে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে সেখানে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।

ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দাবি জানিয়ে আসছে। দেশটি ‘অননুমোদিত’ বলে বিবেচিত জাহাজ চলাচল লক্ষ্য করে হামলাও চালাচ্ছে। অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলো থেকে তেল রফতানি অব্যাহত রাখতে এ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

রবিবার বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নিজ ভূখণ্ডে ইরানের অব্যাহত নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাহরাইন। এসব হামলার পরিণতির জন্য ইরানকে সম্পূর্ণ দায়ী করা হচ্ছে।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও শক্তিশালীভাবে দেওয়া হবে।’

চলতি সপ্তাহের শুরুতে আইআরজিসি দাবি করেছিল, শুক্রবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে তারা।

তবে মার্কিন সামরিক বাহিনী এ দাবি অস্বীকার করেছে। তাদের ভাষ্য, আইআরজিসি বাহরাইনের দিকে একমুখী আক্রমণকারী দুটি ড্রোন পাঠিয়েছিল। মার্কিন বাহিনী দুটিই ভূপাতিত করে। এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

এর আগে চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস।

কর্মকর্তারা হামলাকে সীমিত ও প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাদের দাবি, আইআরজিসি একটি মার্কিন উড়োজাহাজ লক্ষ্য করে গুলি চালানোর জবাবে এ হামলা করা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সোমবার কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশ করে। এ বিষয়ে আইআরজিসি কোনো মন্তব্য করেনি। তবে তাদের দাবি, দ্বীপটির দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ ড্রোন এবং হরমুজ প্রণালির পূর্বে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানি বাহিনী।

গত জুনে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছিল। তবে কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেস্তে যায়। জাহাজে ইরানের নতুন করে হামলা শুরু এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের পর পরিস্থিতির অবনতি ঘটে।

এদিকে হরমুজ প্রণালি দুই দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছিলেন ইরানি আলোচকেরা। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানা গেছে। এসব শর্তের মধ্যে রয়েছে নৌ অবরোধ প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করে দেওয়া।

তবে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র আর আগ্রহী নয়। আলোচনার প্রচেষ্টায় যুক্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: বিবিসি

বিভি/বিবিসি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত