দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ১৭
ছবি: আলজাজিরা
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। রবিবার রাতে দেশটির পিটারমারিটজবার্গ শহরের কাছে একটি গুলিবিদ্ধ গাড়ি থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাজধানী প্রিটোরিয়ার কাছের জেফসভিল এলাকার একটি ঝুপড়িঘর থেকে ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ জানিয়েছে, প্রায় ৫৩০ কিলোমিটার দূরত্বে সংঘটিত এ দুটি হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা বলেন, ধারাবাহিকভাবে এ ধরনের বন্দুক হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধীদের খুঁজে বের করতে হবে। কোনোভাবেই তাদের সম্প্রদায়কে আতঙ্কিত করা কিংবা মানুষের জীবনযাপনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না।
দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরেই সহিংস অপরাধের হার বেশি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটানো বন্দুক হামলার সংখ্যা বেড়েছে।
প্রিটোরিয়া থেকে আলজাজিরার সাংবাদিক ক্লেমেন্ট মানিয়াথেলা জানান, জেফসভিলের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। হামলার প্রকৃত কারণ জানতে অপেক্ষা করছেন তারা।
তিনি জানান, চার কক্ষবিশিষ্ট একটি ঝুপড়িঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মধ্যরাতের কিছুক্ষণ আগে সেখানে হত্যাকাণ্ড ঘটে। এক আত্মীয়কে খুঁজতে ওই ঘরে প্রবেশ করা এক শিশু প্রথম মরদেহগুলো দেখতে পায়।
ঘটনার পর কী ঘটেছিল, তা জানতে ঘটনাস্থলে কাজ করছেন ফরেনসিক বিশেষজ্ঞ, তদন্তকারী ও পুলিশ সদস্যরা।
গাউতেং প্রদেশের পুলিশ কমিশনার টমি মথোমবেনি জানান, নিহত ব্যক্তিদের একজন গত বছর কাছের সলসভিল এলাকার একটি বন্দুক হামলার ঘটনায় পুলিশের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত ছিলেন। ওই হামলায় ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিলেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মথোমবেনি বলেন, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটি প্রতিশোধমূলক হামলাও হতে পারে।
অন্যদিকে, পিটারমারিটজবার্গ শহরের কাছে সুইটওয়াটার্স এলাকায় গুলিতে ঝাঁঝরা একটি গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের মুখপাত্র রবার্ট নেতশিউন্ডা জানান, নিহতদের পরিচয় শনাক্ত করতে কয়েকটি পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
তিনি বলেন, হামলার উদ্দেশ্য কী ছিল কিংবা কারা এর সঙ্গে জড়িত, তা বলার সময় এখনো আসেনি। কারণ, এখনো নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
সূত্র: আলজাজিরা
বিভি/ওটিপি/পিএইচ













মন্তব্য করুন: