তেল ছাড়াই আকাশে চীনের যাত্রীবাহী বিমান!
যাত্রীবাহী বিমান চালাতে আর প্রয়োজন হবে না প্রচলিত জ্বালানি তেল। প্রথমবারের মতো পাইলটসহ সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে ইতিহাস গড়েছে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ ‘সিই-২৫এ’। এর মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক বিমান তৈরির পথে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল চীনা বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না-কোম্যাক।
সম্প্রতি শানডং প্রদেশের বিনঝৌ শহরে উড়োজাহাজটির এই পরীক্ষা চালানো হয়। এতে ছিলেন দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে এটি আকাশে উড়েছিল ১৬ মিনিট ৩৮ সেকেন্ড। এ সময় পাড়ি দেয় ৬০ দশমিক ৪ কিলোমিটার। কোম্যাক জানিয়েছে, উড্ডয়নকালে সবকিছু স্বাভাবিক ছিল এবং পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়েছে।
উড়োজাহাজটির সবচেয়ে বড় আকর্ষণ এর জ্বালানি ব্যবস্থা। প্রচলিত জেট ইঞ্জিনের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে ডানায় বসানো ১০টি বৈদ্যুতিক ডাক্টেড ফ্যান। বিশেষ এই প্রযুক্তিতে বৈদ্যুতিক মোটরের শক্তিতে পাখাগুলো ঘুরে বিমানকে আকাশে ওড়াবে।
সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহনে সক্ষম সিই-২৫এ ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে পারে। এর সর্বোচ্চ পাল্লা ৪০০ কিলোমিটার। প্রাথমিকভাবে এক শহর থেকে অন্য শহরে স্বল্প দূরত্বের যাতায়াতের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে বিমানটি।
চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল ও সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এটি তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারিতে চালকবিহীন প্রথম উড্ডয়নের পর মোট ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষাও সম্পন্ন করেছে বিমানটি।
তবে এখনই যাত্রী পরিবহনে নামছে না সিই-২৫এ। বাণিজ্যিকভাবে চালুর আগে প্রয়োজন উড্ডয়ন-যোগ্যতার সনদ। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে সেই সনদের আবেদন গ্রহণ করেছে। অনুমোদন মিললেই শুরু হতে পারে প্রচলিত জ্বালানিনির্ভর বিমান চলাচলের বিকল্প তৈরির নতুন অধ্যায়।
বিভি/এইচজে













মন্তব্য করুন: