• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বড় সম্মেলনের মধ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপাইন, গ্রেফতার ৩০০

প্রকাশিত: ১৪:০৫, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:০৬, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বড় সম্মেলনের মধ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপাইন, গ্রেফতার ৩০০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইন সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানী ম্যানিলায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পবিরোধী এসব বিক্ষোভ থেকে প্রায় ৩০০ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ম্যানিলায় পৌঁছানোর আগে আরও বড় বিক্ষোভের আশঙ্কায় রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বিক্ষোভের আয়োজকদের দাবি, মঙ্গলবার (১৭ নভেম্বর) ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলন ঘিরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে ১০ হাজারের মতো মানুষ অংশ নিতে পারেন। বিক্ষোভকারীরা সম্মেলনস্থল পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্মেলন শুরুর আগের কয়েক দিনে ম্যানিলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বড় একটি অংশে চলাচল সীমিত করার পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা।

সোমবারের (১৬ নভেম্বর) বিক্ষোভে অংশ নেওয়া অনেকে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ান। এ সময় লাঠি ও ঢাল নিয়ে অবস্থান নেওয়া পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ট্রাম্পকে বিশ্বের ‘এক নম্বর সন্ত্রাসী’ বলেও উল্লেখ করা হয়।

ইরান যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ট্রাম্পের সফরের প্রতিবাদ জানান। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নতুন উদ্যোগ ‘প্যাক্স সিলিকা’র বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। সোমবার ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনস্থলে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা উদ্যোগকে কেন্দ্র করেও ফিলিপাইনে উত্তেজনা তৈরি হয়েছে। ম্যানিলার বাইরে একটি প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এই উদ্যোগের আওতায়। তবে সমালোচকদের আশঙ্কা, এ প্রকল্প বাস্তবায়িত হলে পানি ও বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ তৈরি হবে। পাশাপাশি বাস্তুচ্যুত হতে পারেন দেশটির আদিবাসী আয়তা সম্প্রদায়ের সদস্যরা।

প্যাক্স সিলিকার আওতায় তারলাক প্রদেশের নিউ ক্লার্ক সিটিতে একটি প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এলাকাটি ম্যানিলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিত করা এবং চীনসহ কোনো একটি নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে ২৫টি অংশগ্রহণকারী দেশের সরকারকে চিপ ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

আসিয়ান সম্মেলন উপলক্ষে ম্যানিলার কেন্দ্রীয় এলাকার বড় অংশ সাধারণ মানুষের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মেলন নির্বিঘ্ন করতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে ট্রাম্পের অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এরপর বুধবার তিনি চীনের শেনজেনে যাবেন। সেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

এদিকে ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিভিন্ন নীতির পাশাপাশি আরও কিছু বিষয় কাজ করছে। এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক এবং চীনা গুপ্তচর সন্দেহে এক নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে মার্কিন প্রশাসনের কয়েকজন সদস্য, এমনকি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক আগে থেকেই জানতেন- এমন অভিযোগও আলোচনায় এসেছে। ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে ব্যবসায়ী ইলন মাস্কও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যানিলায় বিক্ষোভকারীদের গ্রেফতারের ঘটনায় প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সরকারের কঠোর সমালোচনা করেছেন আন্দোলনের নেতা রেনাতো রেইয়েস। তাঁর দাবি, ২০২২ সালে মার্কোস ক্ষমতায় আসার পর সোমবার এক দিনে সবচেয়ে বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

রেইয়েস বলেন, ‘আমেরিকার জনগণের কাছেই যিনি এতটা প্রত্যাখ্যাত, তার জন্য ফিলিপাইন সরকার লালগালিচা বিছিয়ে দিচ্ছে—এটি সত্যিই অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প এমন একটি যুদ্ধ শুরু করেছেন, যা বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং ফিলিপাইনে জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এতে ফিলিপাইনের মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

রেইয়েসের ভাষায়, ট্রাম্পকে তাঁর কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। শুধু যুক্তরাষ্ট্রের জনগণের কাছে নয়, বিশ্বের মানুষের কাছেও তাঁকে জবাব দিতে হবে।

অন্যদিকে, ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে, সম্মেলনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়েছেন বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফিলিপাইন শাখা। সংস্থাটি বলেছে, কোনো বিক্ষোভ যেন জোরপূর্বক বা সহিংসভাবে ছত্রভঙ্গ করা না হয়।

অ্যামনেস্টি ফিলিপাইনের পরিচালক রিটজ লি সান্তোস তৃতীয় বলেন, বিক্ষোভের সময় গ্রেফতারের খবরগুলো দ্রুত ও যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, প্রতিটি গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ এবং আটক রাখার যৌক্তিকতা কর্তৃপক্ষকে ব্যাখ্যা করতে হবে। শুধু শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার চর্চার কারণে কাউকে আটক করা হলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

সূত্র: গার্ডিয়ান

বিভি/জিডি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত