• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হরমুজে তেলবাহী একাধিক জাহাজে হামলা, ইরাকে গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

প্রকাশিত: ১৪:০১, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:০১, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হরমুজে তেলবাহী একাধিক জাহাজে হামলা, ইরাকে গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

ছবি: আলজাজিরা

মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা এবং উত্তর ইরাকের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় এ উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার পাশাপাশি সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টাও থমকে রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, তেহরানের অনুমোদনহীন একটি পথ দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

এ ছাড়া ইরানের নিয়মিত নৌবাহিনী জানিয়েছে, প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ জলসীমায় আরেকটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাতের পর আগুন ধরে যায় এবং সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

তবে ইরানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দেশটির কর্তৃপক্ষ জাহাজগুলোর নামও প্রকাশ করেনি।

অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থাও সোমবার হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছে।

সর্বশেষ ঘটনায় ওমানের খাসাব উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল (১৩ কিলোমিটার) উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

এর আগে, প্রণালি থেকে বের হওয়ার পথে আরেকটি ট্যাংকার অজ্ঞাতনামা কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষেও আগুন লাগে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের দাবি করা নৌমাইনে আঘাতের ঘটনাগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সংস্থাটির জানানো হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে জাহাজের নিরাপত্তাসংক্রান্ত ১৩৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই ঘটেছে ৩৫টি।

সমুদ্রপথে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই মধ্যপ্রাচ্যের অন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাতেও নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে সোমবার একটি ড্রোন উড়ে যাওয়ার পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তাসংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে সর্বশেষ ঘটনায় কোনো হামলা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, সন্দেহভাজন ড্রোন হামলার কারণে গত সপ্তাহে গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ওই হামলায় আগুন ধরে যাওয়ার পাশাপাশি ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডানা গ্যাস। প্রতিষ্ঠানটি গ্যাসক্ষেত্রটির অন্যতম পরিচালনাকারী।

খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তান অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান উৎস। ফলে সেখানে উৎপাদন ব্যাহত হলে স্থানীয় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।

গ্যাসক্ষেত্রটি অতীতেও একাধিকবার হামলার শিকার হয়েছে। এসব হামলার জন্য ইরাকের কুর্দি কর্মকর্তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। তবে সোমবারের ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

সোমবার আল-জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা রণতরিটির মধ্যপ্রাচ্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করছে।

ইরানের সঙ্গে উত্তেজনা অব্যাহত থাকার পাশাপাশি যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা এখনো অচলাবস্থায় রয়েছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

সূত্র: আলজাজিরা

বিভি/আলজাজিরা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত