ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনি কণ্ঠস্বর, কে এই তিবি?
ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান। একসময় ছিলেন ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সেই মানুষটিই এখন ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার।
আহমেদ তিবি। দেশটির কট্টর ডানপন্থীদের বিরোধিতা সত্ত্বেও ইতিহাস গড়ে নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। তবে ইসরাইলের রাজনীতিতে তিবির অবস্থান কেবল একটি সংসদীয় পদ ঘিরে নয়; বরং ফিলিস্তিনিদের অধিকার এবং সমান নাগরিকত্বের প্রশ্নে দীর্ঘদিনের এক রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।
নতুন দায়িত্ব পাওয়ার পর আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিবি জানান, তার নির্বাচন ঠেকাতে তৎপর ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ এবং কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির। তাদের উসকানি ও বিরোধিতা সত্ত্বেও নির্বাচিত হওয়াকে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছেন তিনি।
১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর উত্তর ইসরাইলের তাইবে শহরে জন্ম তার। ১৯৪৮ সালে নাকবার সময় জাফা থেকে উচ্ছেদ হতে হয়েছিল তার পরিবারকে। চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা শুরু করে ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক হন তিবি। কিন্তু পেশাগত জীবনের চেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডই তাকে বেশি পরিচিত করে তোলে।
১৯৮৪ সালে তিউনিসিয়ায় পিএলও নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ ছিল তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বাঁক। সে সময় ইসরায়েলের আইনে পিএলও নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত হতো। ফলে দেশে ফিরে ইসরাইলি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখেও পড়েন তিবি। তবে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। পরবর্তী সময়ে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯৩ সালে আরাফাতের বিশেষ রাজনৈতিক উপদেষ্টা হওয়ার পর ইসরাইল ও পিএলওর মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠেন তিবি। দুই পক্ষের মধ্যে অবিশ্বাস ও সরাসরি যোগাযোগের সীমাবদ্ধতার কারণে তাকে মধ্যস্থতাকারী হিসেবে কাজে লাগাতেন উভয় পক্ষের নেতারা। এমনকি ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়িৎসহাক রবিনের ঘনিষ্ঠ উপদেষ্টারাও বিভিন্ন সংকটে তার সঙ্গে যোগাযোগ করতেন। ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে, রবিন ও আরাফাতের মধ্যে গোপন বার্তা আদান-প্রদানেও ভূমিকা রেখেছিলেন তিবি।
১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওয়াই রিভার আলোচনায় ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্রের দায়িত্বও পান তিবি। ওই সমঝোতায় অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে চুক্তিটি দীর্ঘস্থায়ী হয়নি।
আরাফাতের সঙ্গে কাজ করার পর ইসরাইলের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন এ আরব নেতা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন তা’আল পার্টি। মাত্র ৩ বছরের মাথায় ১৯৯৯ সালে প্রথমবার নেসেটের সদস্য নির্বাচিত হন। এর আগে বালাদের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের সঙ্গে যুক্ত থাকলেও পরে সেখান থেকে বেরিয়ে নিজের দল পুনর্গঠন করেন।
ইসরাইলের রাষ্ট্রীয় পরিচয় নিয়ে তিবির অবস্থান বরাবরই বিতর্কের জন্ম দিয়েছে। দেশটিকে শুধু ইহুদিদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার যে মতাদর্শ, এর বিরোধিতা করেন তিনি। তার মতে, জাতিগত বা ধর্মীয় পরিচয় নয়, সব নাগরিকের সমান অধিকারই হওয়া উচিত রাষ্ট্রের ভিত্তি। নিজেকে তিনি বলেন, ‘ইসরায়েলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি’। ফিলিস্তিনি শরণার্থীদের ইসরাইলে প্রত্যাবর্তনের অধিকার এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন এ নেতা।
রাজপথের পাশাপাশি পার্লামেন্টেও প্রতিবাদের ব্যতিক্রমী নজির রয়েছে তিবির। ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদার সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মধ্যপ্রাচ্যের ‘কসাই’ বলে খ্যাত অ্যারিয়েল শ্যারনের সফরের বিরোধিতা করতে গিয়ে তার ডান হাত ভেঙে যায়। ২০০২ সালে জেনিন শরণার্থীশিবিরে ইসরাইলি সামরিক অভিযানের সময় সেখানে গিয়ে সেনাদের মুখোমুখি হন। ২০১৬ সালে জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মসজিদের লাউডস্পিকার নিষিদ্ধে প্রস্তাবিত আইনের প্রতিবাদে নেসেটের অধিবেশন কক্ষেই আজান দেন তিনি।
তবে তিবির পরিচয় শুধু প্রতিবাদী রাজনীতিকের নয়। ২০১০ সালে হলোকাস্ট নিয়ে হিব্রু ভাষায় দেওয়া তার একটি ভাষণ প্রশংসা পেয়েছিল তৎকালীন নেসেট স্পিকার রিউভেন রিভলিনের কাছ থেকেও। ভাষণটিকে পার্লামেন্টে শোনা অন্যতম সেরা বক্তব্য বলে অভিহিত করেছিলেন রিভলিন।
ফিলিস্তিনি জাতীয় পরিচয়কে ধারণ করেও ইসরায়েলের রাজনৈতিক কাঠামোর ভেতরে সক্রিয় তিবির নতুন দায়িত্ব তাই বিশেষ তাৎপর্য বহন করছে। যে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রটির বৈষম্যমূলক নীতির সমালোচনা করেন, সেই পার্লামেন্টেরই ডেপুটি স্পিকারের আসনে তার প্রত্যাবর্তন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিভি/এইচজে













মন্তব্য করুন: