• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২০৩৫ সালের মধ্যে মহাকাশে স্পেস স্টেশন বানাচ্ছে ভারত

প্রকাশিত: ১৬:৩৭, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৬, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২০৩৫ সালের মধ্যে মহাকাশে স্পেস স্টেশন বানাচ্ছে ভারত

মহাকাশে নিজেদের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। পৃথিবীর কক্ষপথে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ বা বিএএস (BAS) নামে নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণ করতে যাচ্ছে দেশটি। পাঁচটি পৃথক মডিউলে তৈরি হতে যাওয়া এই স্টেশন ২০৩৫ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরোর পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে পাঁচটি মডিউল মহাকাশে পাঠিয়ে তৈরি করা হবে পুরো স্টেশন। এর প্রথম মডিউলটির নাম BAS-01। ২০২৮ সালের মধ্যে এটি কক্ষপথে স্থাপনের লক্ষ্য রয়েছে। এরপর পর্যায়ক্রমে বাকি চারটি মডিউল যুক্ত করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩৫ সালের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে ভারতের এই মহাকাশ স্টেশন।

পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করবে বিএএস। সেখানে মাইক্রোগ্র্যাভিটি বা অতি স্বল্প মাধ্যাকর্ষণ পরিবেশে মহাকাশচারীরা দীর্ঘ সময় অবস্থান করতে পারবেন। তাদের বসবাসের জন্য থাকবে প্রয়োজনীয় আবাসন, জীবনধারণের ব্যবস্থা এবং বৈজ্ঞানিক গবেষণার আধুনিক পরিকাঠামো। পাশাপাশি অক্সিজেন সরবরাহ, পানি ব্যবস্থাপনা এবং স্টেশনের ভেতরের বায়ুর পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে বিশেষ প্রযুক্তি।

এই স্টেশনকে শুধু মহাকাশচারীদের আবাসস্থল হিসেবে নয়, বরং গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে চায় ইসরো। সেখানে জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ওষুধ তৈরি, নতুন উপাদান উদ্ভাবন এবং উৎপাদন প্রযুক্তি নিয়ে গবেষণার পরিকল্পনা রয়েছে। মাধ্যাকর্ষণহীন পরিবেশে এমন কিছু পরীক্ষা চালানো সম্ভব, যা পৃথিবীতে করা কঠিন বা প্রায় অসম্ভব।

এ ছাড়া ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোসহ ভারতের উচ্চাভিলাষী মহাকাশ অভিযানের প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই স্টেশন। দীর্ঘ সময় মহাকাশে মানুষের অবস্থান, জীবনধারণের প্রযুক্তি এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে এর মাধ্যমে।

সব মিলিয়ে, ভারতীয় মহাকাশ স্টেশন নির্মাণের উদ্যোগ দেশটির মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে। ২০৩৫ সালের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে নিজস্ব মহাকাশ স্টেশন পরিচালনাকারী দেশগুলোর তালিকায় যুক্ত হবে ভারত।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত