ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের? এটি কতোটা ভয়ংকর?
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ দিয়ে ইরানি হামলার সম্ভাব্য এক পরিকল্পনার তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা। এতে এমনকি ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন। তবে ইরান সত্যিই এ ধরনের হামলা চালাতে পারবে কি না, কিংবা হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন প্রশাসনে সংশয় রয়েছে। সাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এখনই হামলা চালানোর প্রস্তুতি নয়; বরং ভবিষ্যতের জন্য সম্ভাব্য হামলার বিকল্প তৈরি করে রাখছে তেহরান। তবে পরিকল্পনায় সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট বিবরণ থাকায় সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন। গত সপ্তাহে এ নিয়ে একাধিক বৈঠকও করেছেন মার্কিন কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকির কারণে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে তার বাসভবন থেকে সরিয়ে সামরিক আবাসনে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সূত্র।
মার্কিন গোয়েন্দাদের দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার বিষয়ে ইরানি পক্ষের কথোপকথন শনাক্ত করা হয়েছে। তবে এ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে মতভেদ রয়েছে। ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় বা রাসায়নিক উপাদান মজুত করে রেখেছে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে।
হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে, সব ধরনের হুমকির ওপর নজর রাখা হচ্ছে। তবে দেশের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি বর্তমানে নেই। অন্যদিকে, জাতিসংঘে ইরানের মিশন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে। ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তারা।
ডার্টি বোমা কতটা ভয়ংকর?
পারমাণবিক বোমার মতো বিপুল বিস্ফোরণ ঘটাতে পারে না ডার্টি বোমা। তবে এটিও ঘটাতে পারে বড় আকারের ক্ষয়ক্ষতি। সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি করা হয় এ বোমা। বিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় দূষণ কোনো এলাকাকে দীর্ঘ সময়ের জন্য বসবাসের অনুপযোগীও করে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, তেজস্ক্রিয়তা নয়, এতে তাৎক্ষণিক প্রাণহানির প্রধান কারণ হবে বিস্ফোরণ।
এদিকে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপরও রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা করছে ওয়াশিংটন। নিউইয়র্ক টাইমসের পর সিএনএনও এ সংক্রান্ত গোয়েন্দা উদ্বেগের খবর প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, রাসায়নিক হামলা মোকাবিলায় সেনাদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ নেই। তাই মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের সুরক্ষায়ও জরুরি প্রস্তুতি শুরু হয়েছে।
বিভি/এইচজে













মন্তব্য করুন: