• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ব্রেক্সিট ব্যর্থ, ইইউর দিকে ফিরতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৭:১৪, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্রেক্সিট ব্যর্থ, ইইউর দিকে ফিরতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়ন-ইইউর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেছেন, ইউরোপীয় জোট ছাড়ার পর প্রতিশ্রুতি পূরণ হয়নি; বরং গত ১০ বছরে যুক্তরাজ্য লাভের চেয়ে বেশি ক্ষতি হয়েছে। বৈশ্বিক বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদের বিরুদ্ধে লড়তে ইইউর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়া জরুরি বলে মনে করেন তিনি।

সম্প্রতি লন্ডনে এক ভোজসভায় দেওয়া বক্তৃতায় ব্রেক্সিটের কঠোর বাস্তবতা নিয়ে সরাসরি কথা বলেন বার্নহাম। এসময় ২০১৬ সালের গণভোটের পর কার্যকর হওয়া বিচ্ছেদ চুক্তিকে যুক্তরাজ্যের স্বার্থের জন্য যথেষ্ট ভালো নয় বলে অভিমত জানান তিনি। 
 
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ নভেম্বর ব্রাসেলসে যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলন ঘিরে নতুন সমঝোতার আশা তৈরি হয়েছে। খাদ্য ও পানীয় বাণিজ্য, জ্বালানি, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং তরুণদের ইউরোপে সাময়িক কাজের সুযোগ নিয়ে চুক্তির আলোচনা চলছে। বার্নহামের লক্ষ্য, এসব উদ্যোগের সুফল যেন যুক্তরাজ্যের পিছিয়ে পড়া অঞ্চলগুলোর মানুষও পায়।

তবে ইইউর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করলেও আপাতত জোটের শুল্কমুক্ত কাস্টমস ইউনিয়ন কিংবা একক বাজারে ফেরার পরিকল্পনা নেই বার্নহামের। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, পণ্য, সেবা ও শ্রমিকদের অবাধ চলাচলের ব্যবস্থাতেও ফিরবে না যুক্তরাজ্য। যেকোনো চুক্তিতে ২০১৬ সালের গণভোটের রায় এবং লেবার পার্টির নির্বাচনী অঙ্গীকার বিবেচনায় রাখা হবে।

ব্রেক্সিট ইস্যুতে বার্নহাম আরো বলেন, ব্রেক্সিটের ফলে ইইউর সঙ্গে বাণিজ্য কমেছে এবং অর্থনীতিতে বড় ক্ষতি হয়েছে। বিভিন্ন হিসাব অনুযায়ী, দেশটির জিডিপিতে ক্ষতির পরিমাণ ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। বার্নহ্যাম বলেন, ব্রেক্সিট ছিল বিশ্বজুড়ে বিভাজন ও সংরক্ষণবাদ বিস্তারের প্রথম ডমিনো। এতে রাশিয়ার মতো প্রতিপক্ষও লাভবান হয়েছে, কারণ ইউরোপের বিভক্তি ন্যাটোকেও দুর্বল করে।

২০১৬ সালের গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছিলেন, বিপরীতে ৪৮ শতাংশ চেয়েছিলেন জোটে থাকতে। সেই বিভক্তির রেশ এখনো কাটেনি। ফলে ব্রাসেলসের সঙ্গে নতুন সমঝোতার পথে এগোলেও ব্রিটিশ রাজনীতিতে ব্রেক্সিট বিতর্ক নতুন করে মাথাচাড়া দিচ্ছে।
 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত