জলবায়ু সম্মেলনের গেইটে ৪টি লাশ নিয়ে বসে আছে দুই নেপালী, কী জবাব দেবে বিশ্ব?
বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ৩১) প্রধান ফটক পেরিয়ে প্রবেশ করলেই বিশাল খোলা জায়গা। সেখানেই একটি কালো কাপড়ের ওপর রাখা হয়েছে ৪টি নিথর দেহ। মরদেহগুলোর দুই পাশে বাকহীন স্তব্ধ হয়ে বসে আছে দুই তরুণ-তরুণী। তাদের পেছনে মোমবাতি জ্বালিয়ে শোক করছেন আরও শ'খানেক মানুষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনের ৮ম দিন বিকালে এই হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। লাশগুলো প্রতীকি। তবে এর মাধ্যমে গেল আগস্টের ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় স্বজন হারানো মানুষের কষ্টই ফুটে উঠেছে এই প্রতীকি প্রতিবাদ কর্মসূচিতে।
নেপালে ২০২৬ সালের ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। হিমালয় অঞ্চলে হিমবাহের বরফ ও পাথরের বিশাল অংশ ধসে সৃষ্ট পানির ঢল নেমে আসে নেপাল-চীন (তিব্বত) সীমান্তবর্তী এলাকায়। এতে নেপালের একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান ১ হাজার ৪৫৭ জন মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। শুধু স্বজন হারানোই নয়, সহায়-সম্বল সব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ। এই দুর্যোগকে জলবায়ুজনিত দুর্যোগ দাবি করে ক্ষতিপূরণের দাবিতে ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
নেপালের তরুণ জলবায়ু কর্মী প্রজ্জল কুমার রানার সঞ্চালনায় কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন ইন্ডিজিনিয়াস কমিউনিটির প্রতিনিধি পেমা। বক্তব্যে তিনি নেপালের সেই দিনে ভয়াবহ চিত্র মানবিকভাবে তুলে ধরেন। তার বক্তব্য আবেগাপ্লুত করে তুলে উপস্থিত সবাইকে।
পরে ফিল দ্য ফান্ড ক্যাম্পেইনের বৈশ্বিক সমন্বয়ক হারজিত সিং, ফ্রেন্ডস অব দ্য আর্থ নেপালের প্রতিনিধি প্রকাশ দাহাল, ইয়ংগো'র সদস্য মুসকান বানাতওয়ালা, উইমেন অ্যান্ড জেন্ডার কনস্টিটুয়েন্সির মাহমুদা এবং এনজিও ফেডারেশন অব নেপালের অর্জুন ভট্টরাই বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে, জলবায়ু পরিবর্তনের কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং উন্নত বিশ্বের দায়ে নেপালকে ভুগতে হচ্ছে বলে দাবি করেন। জলবায়ু ফান্ড থেকে প্রাপ্ত অর্থকে 'পিনাট' সমপরিমাণ মন্তব্য করে দ্রুত ন্যায্য ক্ষতিপূরণ ও জীবাষ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি জানান।
বিভি/টিটি













মন্তব্য করুন: