বাংলাদেশিদের বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপি রুপার্ট লোর
লন্ডনের রমফোর্ডে এনসিপি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশিদের বহিষ্কারের দাবি তুলেছেন ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো।
সোমবার (১৬ নভেম্বর) রাতে রমফোর্ডের দ্য মেফেয়ার ভেন্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশিদের ওপর হামলা চালান।
এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে ফেসবুকে পোস্ট দেন গ্রেট ইয়ারমাউথের এমপি ও রিস্টোর ব্রিটেন দলের নেতা রুপার্ট লো।
পোস্টে তিনি লেখেন, “রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি পুরুষেরা এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যে কোনো এক অর্থহীন রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছে — এর মানে যাই হোক না কেন। সত্যি বলতে, এই বাংলাদেশিদের নিয়ে, এমনকি বাংলাদেশ নিয়েও আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সবগুলোকে বহিষ্কার করে দাও।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে এরইমধ্যে ৮.২ হাজার রিঅ্যাকশন, ১.১ হাজার মন্তব্য ও ৬২৭টি শেয়ার হয়েছে।
উল্লেখ্য, নাহিদ ইসলাম ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর এটাই তার প্রথম যুক্তরাজ্য সফর। সফর ঘোষণার পর থেকেই বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা সামাজিক মাধ্যমে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
রুপার্ট লো ২০২৪ সালে রিফর্ম ইউকে থেকে এমপি নির্বাচিত হলেও পরে দল ছেড়ে রিস্টোর ব্রিটেন নামে নতুন দল গঠন করেন। গণহারে বহিষ্কার তার দলের অন্যতম প্রধান রাজনৈতিক অবস্থান।
এই ঘটনায় ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিভি/এনএম/টিটি













মন্তব্য করুন: