• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মোড়লগিরির দিন শেষ? নতুন ছকে শি-পুতিন!

প্রকাশিত: ১৭:১৫, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৬, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের মোড়লগিরির দিন শেষ? নতুন ছকে শি-পুতিন!

যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বাইরে নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার তৎপরতা আরও জোরালো করছে চীন ও রাশিয়া। এবার বহু মেরুর বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় দুই দেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর দেয়া তার এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শি জিনপিং। পরে সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বহুমেরু বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রবণতাকে চীন ও রাশিয়ার নেতৃত্ব দেওয়া এবং আরও এগিয়ে নেওয়া উচিত। 

অন্যদিকে, পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক প্রভাব ও নিষেধাজ্ঞার কৌশল নিয়ে কড়া সমালোচনা করেন পুতিন। পশ্চিমা শক্তিগুলোকে সাবেক আধিপত্যবাদী শক্তি উল্লেখ করে তিনি বলেন, ইউরোপ বর্তমানে অপমানজনক পতনের মধ্য দিয়ে যাচ্ছে।

পুতিন বলেন, পশ্চিমাদের দিক থেকে নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি থামিয়ে দিতে পারবে না। অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা ও অন্য দেশকে চাপে রাখার প্রচলিত কৌশলও কার্যকারিতা হারাচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো মস্কোর ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করে।

এদিকে, এপেক সম্মেলনের ফাঁকেই বৃহস্পতিবার শি, পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বাণিজ্য ও পারমাণবিক অস্ত্রের মতো বিষয় এতে গুরুত্ব পাবে। সব মিলিয়ে এপেকের এবারের সম্মেলন কেবল অর্থনৈতিক সহযোগিতার মঞ্চ নয়, বড় শক্তিগুলোর ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। 

বিভি/এইচজে

মন্তব্য করুন: