• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নতুন বছরে বদলে যেতে পারে পাকিস্তানের মানচিত্র, আসিম মুনিরের পরিকল্পনা কী?

প্রকাশিত: ১৮:১৫, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:১৬, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নতুন বছরে বদলে যেতে পারে পাকিস্তানের মানচিত্র, আসিম মুনিরের পরিকল্পনা কী?

চার প্রদেশের পাকিস্তান কি ভেঙে হতে যাচ্ছে ১২ থেকে ১৫টি প্রদেশ? দেশটির প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর আলোচনা ঘিরে ইসলামাবাদের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। নতুন বছর নিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ইঙ্গিত এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির উদ্যোগে এই পরিকল্পনা এখন আলোচনার কেন্দ্রে। এর নেপথ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রভাব নিয়েও প্রশ্ন উঠছে।

বর্তমানে পাকিস্তানের প্রদেশ চারটি— পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান। প্রায় ২৫ কোটি মানুষের দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং নাগরিক সেবা সহজ করার যুক্তিতে প্রদেশের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও ১২ থেকে ১৫টি প্রদেশ গঠনের ধারণা সামনে এনেছেন।
 
তবে পরিকল্পনাটি বাস্তবায়ন মোটেও সহজ নয়। নতুন প্রদেশ গঠনে সংবিধান সংশোধন করতে হবে। জাতীয় পরিষদ ও সিনেটের দুই-তৃতীয়াংশ সমর্থনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের অনুমোদনও প্রয়োজন। গণভোটের প্রস্তাব উঠলেও সেটি সাংবিধানিক প্রক্রিয়ার বিকল্প হতে পারবে না।
 
এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক চাপ। নতুন প্রদেশ মানেই নতুন সচিবালয়, প্রশাসন, পুলিশ, আদালত ও রাজনৈতিক কাঠামো। গবেষণা প্রতিষ্ঠান প্রাইমের হিসাব অনুযায়ী, শুধু পাঞ্জাবকে তিন ভাগ করতেই বছরে অতিরিক্ত ৪ হাজার ৬৯০ কোটি থেকে ৫ হাজার ৬২০ কোটি রুপি ব্যয় হতে পারে।

রাজনৈতিক বিরোধও কম নয়। সিন্ধু ভাগের ঘোর বিরোধী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। অন্যদিকে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) করাচিকে আলাদা প্রশাসনিক ইউনিট করার পক্ষে।

সব মিলিয়ে পাকিস্তানের মানচিত্র বদলের আলোচনা গতি পেলেও বাস্তবায়নের পথে রয়েছে সাংবিধানিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাধা। নতুন বছরের শুরুতেই নতুন ব্যবস্থা চালুর ইঙ্গিত দেওয়া হলেও শেষ পর্যন্ত আসিম মুনিরের ঘনিষ্ঠ মহলের এই উদ্যোগ কত দূর এগোয়, সেটিই এখন দেখার বিষয়।

বিভি/এইচজে

মন্তব্য করুন: