• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দুই দশকের অর্জন ধূলিসাৎ, হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল আমেরিকা!

প্রকাশিত: ১৭:৩০, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩০, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুই দশকের অর্জন ধূলিসাৎ, হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল আমেরিকা!

দুই দশকেরও বেশি সময়ের অর্জন ভেঙে গেল। আবারও হাম সংক্রমণের বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়ে হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্রই নয়, একই সঙ্গে এই স্বীকৃতি হারিয়েছে মেক্সিকো ও বলিভিয়াও। একসময় নিয়ন্ত্রণে চলে আসা সংক্রামক রোগটির এমন প্রত্যাবর্তন উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিবিসি জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০০ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। ১৯৯০-এর দশকের পর দেশটিতে হাম সংক্রমণ ও মৃত্যুর এমন উচ্চ হার দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) জানিয়েছে, একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ টানা ১২ মাস বা তার বেশি সময় চললে কোনো দেশে স্থানীয়ভাবে রোগটির বিস্তার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রে এই ধারাবাহিক সংক্রমণ শুরু হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দেশটির হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহার করা হয়। 

সংক্রমণ বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে টিকাদানের ঘাটতি। যুক্তরাষ্ট্রে শিশুদের এমএমআর টিকা নেওয়ার হার কমে ৯২ দশমিক ৪ শতাংশে নেমেছে। অথচ সংক্রমণ ঠেকাতে অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন। 

পিএএইচওর পরিচালক জারবাস বারবোসার মতে, দীর্ঘদিনের টিকাদান ঘাটতি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, পুরো অঞ্চলেই হাম ফিরে আসার ঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে টিকাদানের আওতা বাড়ানো ও সংক্রমণ পর্যবেক্ষণে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও হাম প্রতিরোধে এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) টিকার সুযোগ বাড়ানো এবং সংক্রমণপ্রবণ জনগোষ্ঠীর মধ্যে টিকাদান জোরদারের উদ্যোগ নিয়েছে।

২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। দুই দশকের বেশি সময় পর সেই অর্জন হারানো দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় সতর্কসংকেত। 

বিভি/এইচজে

মন্তব্য করুন: