• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়

প্রকাশিত: ১৭:৫১, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দায়ী করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত— আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ব্যাপক সহিংসতা চালিয়েছে।

আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইউজি জানান, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। এ সময় নির্বিচার হত্যাকাণ্ডের পাশাপাশি যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার পথেও হামলার শিকার হন রোহিঙ্গারা।

বিচারকের পর্যবেক্ষণে উঠে এসেছে, এসব সহিংসতার পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের প্রমাণ রয়েছে। রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে বিয়ের ক্ষেত্রে বিশেষ অনুমতি এবং সন্তানসংখ্যা সীমিত রাখার মতো বিধিনিষেধও আরোপ করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলাটি করে। সাত বছরের বেশি সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় এলো। মিয়ানমার অবশ্য বরাবরই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, আরসার হামলার জবাবেই নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের আগস্টে অভিযান শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

আইসিজের এই রায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে। 
 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত