দুবাইয়ে স্বর্ণের বাজারে বড় পতন, নেপথ্যে ৪ কারণ
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দুবাইয়ের স্বর্ণবাজারেও। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম কমে দাঁড়িয়েছে ৪৩৭ দশমিক ৭৫ দিরহামে। আগের দিন সোমবার বাজার বন্ধের সময় এ দাম ছিল ৪৩৯ দশমিক ৭৫ দিরহাম।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ছিল ৪০৫ দশমিক ২৫ দিরহাম। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৩৮৮ দশমিক ৫০ দিরহাম এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৩৩৩ দিরহাম।
শুধু দুবাই নয়, আন্তর্জাতিক বাজারেও কমেছে মূল্যবান এই ধাতুর দাম। মঙ্গলবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৩৪ শতাংশ কমে ৩ হাজার ৬৩৫ ডলারে নেমে আসে। একই সময়ে রুপার দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ৪২ দশমিক ৭০ ডলারে।
স্বর্ণের দাম কমার পেছনে চার কারণ
ফিনোরোর প্রধান নির্বাহী কর্মকর্তা নিদাল আবদেল হাদির মতে, স্বর্ণের বাজারে বর্তমানে কয়েকটি বিপরীতমুখী বিষয় কাজ করছে। এর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া, বন্ডের সুদ হ্রাস এবং মার্কিন ডলারের দুর্বলতা স্বর্ণের চাহিদা বাড়াতে পারে। তবে বিপরীত দিকে কিছু বিষয় স্বর্ণের দামে চাপ তৈরি করছে।
প্রথমত, এনভিডিয়ার সাম্প্রতিক খবরের পর বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।
দ্বিতীয়ত, ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা হ্রাস পেয়েছে।
তৃতীয়ত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় স্বর্ণের বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।
চতুর্থত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা স্বর্ণের দামে চাপ তৈরি করছে। সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমতে পারে।
নিদাল আবদেল হাদি মনে করেন, এসব বিপরীতমুখী প্রভাবের কারণে আপাতত স্বর্ণের দামে বড় ধরনের উত্থানের পরিবর্তে সীমিত ওঠানামা দেখা যেতে পারে।
এদিকে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পিসিই মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এই তথ্যের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে যাওয়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়ছে কি না, তা বোঝা যাবে। পাশাপাশি ডিসেম্বরের মুদ্রানীতি নির্ধারণী বৈঠকে ফেডারেল রিজার্ভ কী সিদ্ধান্ত নিতে পারে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের বিনিয়োগকারীরা। এ সম্ভাবনা ৯৫ শতাংশ। অন্যদিকে ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪ দশমিক ৯ শতাংশ।
ডিএইচএফ ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পদ ব্যবস্থাপক বাস কুইজমান বলেন, গত সপ্তাহে ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় দরপতনের সময় বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে ও নগদ অর্থ সংগ্রহ করতে স্বর্ণ বিক্রি করেছিলেন।
তার মতে, সেই চাপ কিছুটা কমে এলেও সুদের হার বাড়ার প্রত্যাশার কারণে স্বর্ণের দাম আপাতত আরও কিছুটা চাপে থাকতে পারে।
বিভি/টিটি













মন্তব্য করুন: