• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

২০৭০ সালে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা হবে পাকিস্তানে, বাংলাদেশের অবস্থান কোথায়?

প্রকাশিত: ২০:২৮, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:২৮, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২০৭০ সালে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা হবে পাকিস্তানে, বাংলাদেশের অবস্থান কোথায়?

প্রতীকী ছবি

বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান। একই সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হতে পারে পঞ্চম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন চিত্র উঠে এসেছে।

১৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত ‘দ্য ফিউচার অব দ্য গ্লোবাল মুসলিম পপুলেশন’ শীর্ষক গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করেছে প্রতিষ্ঠানটি। এতে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

২০৭০ সালে শীর্ষে থাকতে পারে পাকিস্তান
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে পাকিস্তানের মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে দেশটি বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ইন্দোনেশিয়ায়। ২০২০ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২৩ কোটি ৯০ লাখ। একই সময়ে পাকিস্তানে এ সংখ্যা ছিল প্রায় ২২ কোটি ৭০ লাখ।

গবেষণার পূর্বাভাস বলছে, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকতে পারে ভারত। দেশটিতে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩৩ কোটি ৪০ লাখে। আর তৃতীয় অবস্থানে উঠে আসতে পারে নাইজেরিয়া।

মুসলিম জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান
২০২০ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ। সে সময় দেশে মুসলিমের সংখ্যা ছিল প্রায় ১৫ কোটি ১০ লাখ।

তবে আগামী পাঁচ দশকে এ তালিকায় পরিবর্তন আসতে পারে। পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার হিসাবে বাংলাদেশের অবস্থান হবে পঞ্চম। পাকিস্তান, ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার পরেই থাকবে বাংলাদেশ।

কেন বাড়ছে মুসলিম জনসংখ্যা?
গবেষণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে প্রধানত দুটি কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম গড় বয়স এবং অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি প্রজনন হার।

২০২০ সালের হিসাবে মুসলিমদের গড় বয়স ছিল ২৪ বছর। অন্যদিকে অমুসলিমদের গড় বয়স ছিল ৩৩ বছর। ফলে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সন্তান জন্মদানের বয়সে পৌঁছানো মানুষের সংখ্যা তুলনামূলক বেশি থাকবে।

এ ছাড়া ২০২০ সালে মুসলিম নারীদের গড় প্রজনন হার ছিল ৩ দশমিক ১। একই সময়ে অমুসলিম নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ০।

গবেষকদের মতে, আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হবে জন্ম ও মৃত্যুর হারের পার্থক্য। ধর্ম পরিবর্তনের তুলনায় স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির প্রভাবই এ ক্ষেত্রে বেশি থাকবে।

কোন অঞ্চলে বাড়বে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি?
আঞ্চলিক জনসংখ্যার হিসাবেও বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে গবেষণাটি। বর্তমানে বিশ্বের প্রায় ৫৯ শতাংশ মুসলিম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। তবে ২০৭০ সালে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যায় এ অঞ্চলের অংশ কমে প্রায় ৫০ শতাংশে নেমে আসতে পারে।

অন্যদিকে সাব-সাহারান আফ্রিকায় মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২০ সালে এ অঞ্চলে মুসলিমের সংখ্যা ছিল প্রায় ৩৬ কোটি ৯০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। সে সময় বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ২৭ শতাংশের বসবাস হবে এ অঞ্চলে।

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে ইসলাম
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৩৬০ কোটিতে দাঁড়াতে পারে। তখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবেন মুসলিম।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে। একই সময়ে অমুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে পারে প্রায় ১১ শতাংশ।

বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে মুসলিমরা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে গবেষণায় দেওয়া পরিসংখ্যান ভবিষ্যতের নিশ্চিত জনসংখ্যার হিসাব নয়। বর্তমান জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নিয়ে এসব পূর্বাভাস তৈরি করা হয়েছে। যুদ্ধ, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনে ভবিষ্যতের জনসংখ্যার চিত্র বদলে যেতে পারে। সূত্র: পিউ রিসার্চ সেন্টার।

বিভি/এনএইচ/এজেড

মন্তব্য করুন: