• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ে নতুন দুই কেন্দ্র চালুর তারিখ ঘোষণা

প্রকাশিত: ০১:২১, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:২১, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ে নতুন দুই কেন্দ্র চালুর তারিখ ঘোষণা

ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন প্রতিষ্ঠানকে ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করবে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দুই কেন্দ্রে ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস (এসজিজিএস)।

নতুন ব্যবস্থায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে বসবাসকারী ভারতীয় নাগরিকরা এসব কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন জমা দিতে পারবেন। একই সঙ্গে ওই পাঁচ রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও এ সুবিধা পাবেন।

বাংলাদেশ সরকার এসজিজিএসকে আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন ভিসা আবেদন কেন্দ্রটি চালু হবে সল্টলেকের সেক্টর ফাইভে সিমসিস টাওয়ার্সের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১ ঠিকানায়।

অন্যদিকে, শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায়, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।

বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের ভিসা আবেদনকারীদের নতুন কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে প্রতিষ্ঠানটির কেন্দ্রের মাধ্যমে ভিসার আবেদন সংগ্রহ করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো। সেখানে ভিসা প্রক্রিয়াকরণ শেষে আবেদনকারীরা সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন।

তবে আগামী ৩০ নভেম্বর ডিইউ ডিজিটালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর ১ ডিসেম্বর থেকে নতুন প্রতিষ্ঠান এসজিজিএসের মাধ্যমে ভিসা আবেদনসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: