সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে কয়েক দিনের ব্যবধানে আবারও হামলা হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোট এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ৮০ তলাবিশিষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হামলার ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি মিলিশিয়ারা। টাওয়ারে হুথিদের হামলার পরপরই রিয়াদের জরুরি সেবা বিভাগ কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবারও ভবনটিতে হামলা হয়েছিল। ইরানের সমর্থনপুষ্ট হুতিদের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। গত জুলাইয়ে নতুন করে এই সংঘাত শুরু হয়।
সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘আর্থিক কেন্দ্রের একটি টাওয়ারে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’ তবে তিনি ভবনটির নাম উল্লেখ করেননি।
এর আগে চলতি মাসেই কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি টাওয়ারে হামলা হয়েছিল। এ ছাড়া অক্টোবরে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা হামলা হয়। এর মধ্যে একটি হামলায় ১৪ জন নিহত হন।
সূত্র: এএফপি
বিভি/এমএফআর













মন্তব্য করুন: