গাজায় ইসরাইলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর পৃথক বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাইম আবু নাহেলসহ (৫০) অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য কর্মকর্তা এবং জরুরি উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজার হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গাজা শহরের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের একটি তাঁবু শিবিরের পাশের গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ইসরাইলি ড্রোন থেকে নাইম আবু নাহেলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং আশপাশে থাকা আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।
একই দিনে গাজা উপত্যকার আরও দুটি স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। চিকিৎসা কর্মীদের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ চৌকিতে চালানো হামলায় তিনজন নিহত হন, যাদের মধ্যে গাজার পুলিশ বাহিনীর দুই কর্মকর্তা রয়েছেন। এছাড়া উত্তর-মধ্যাঞ্চলীয় নেতজারিম করিডোরের কাছে চালানো অপর এক বিমান হামলায় আরও তিনজন প্রাণ হারান। গাজার পুলিশ বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে ইসরাইল পরিকল্পিতভাবে তাদের পুলিশ ও নিরাপত্তা কাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, নাইম আবু নাহেল হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার একজন অত্যন্ত অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার দায়িত্ব ছিল সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামো রক্ষা করা এবং ইসরাইলের হয়ে কাজ করা সন্দেহভাজন তথ্যদাতাদের শনাক্ত করা। তার মৃত্যু হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার পরিচালনা সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি করেছে আইডিএফ।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই সফল অভিযানের জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। উল্লেখ্য, প্রায় দুই মাস আগে গাজায় ইসরাইলি বাহিনীর এক গোপন অভিযানে আবু নাহেলের পূর্বসূরি আটক হওয়ার পর ৫০ বছর বয়সী এই কর্মকর্তা অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২৫ সালের অক্টোবরে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও হামাস নিয়মিতভাবে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজা উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা এখনো ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলা ও সংঘর্ষে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং পাঁচজন ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন।
সূত্র: রয়টার্স
বিভি/এমএফআর













মন্তব্য করুন: