জাতিসংঘের প্রতিবেদন
বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন হচ্ছেন পাঁচ নারী
বিশ্বজুড়ে ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু খুন হয়েছেন। এই হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন এবং প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু আপনজনের হাতে প্রাণ হারিয়েছেন। আগের কয়েক বছরের তুলনায় নারী ও শিশুদের প্রাণহানির এই পরিসংখ্যানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘নারীর প্রতি সহিংসতা বিলোপ আন্তর্জাতিক দিবস’-এর প্রাক্কালে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা ‘ফেমিসাইডস ইন ২০২৫’ শীর্ষক এই প্রতিবেদনে রোমহর্ষক চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই প্রাণ হারিয়েছেন নিজ বাড়ি কিংবা পারিবারিক পরিসরে—স্বামী, ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের অন্য কোনো সদস্যের হাতে। অন্যদিকে, বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার পুরুষদের মধ্যে মাত্র ১১ শতাংশ এ ধরনের পারিবারিক বা ব্যক্তিগত পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন।
আঞ্চলিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বের কোনো অঞ্চলই নারী ও কন্যাশিশু হত্যার এই প্রবণতা থেকে মুক্ত নয়। তবে আগের বছরগুলোর মতো এবারও ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু হত্যার সর্বোচ্চ ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০ জন। দ্বিতীয় অবস্থানে থাকা এশিয়া অঞ্চলে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। এ ছাড়া আমেরিকা অঞ্চলে ৭ হাজার ৪০০ জন, ইউরোপে ২ হাজার ১০০ জন এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড বা ‘ফেমিসাইড’-এর হার কমছে অত্যন্ত ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে সামগ্রিক হত্যাকাণ্ড কমার হারের তুলনায় নারী হত্যার হার কমার গতি অনেক কম।
এ বিষয়ে ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা উদ্বেগ প্রকাশ করে বলেন, ভীতিকর মনোভাব, প্রচলিত সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা সমাজে এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করার মতো অপরাধও সহনীয় হয়ে উঠছে।
জাতিসংঘের তথ্য বলছে, এসব অপরাধ গভীরভাবে প্রোথিত সামাজিক রীতিনীতি এবং লিঙ্গভিত্তিক গৎবাঁধা ধারণার ফল। একই সঙ্গে বিচারব্যবস্থায় ভুক্তভোগীদের প্রবেশাধিকারের প্রতিবন্ধকতা এবং আইনি সুরক্ষার প্রতি আস্থাহীনতার কারণে অধিকাংশ নারী নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। তাই পারিবারিক সহিংসতা ও নারী হত্যা রুখতে কেবল ঘনিষ্ঠ সম্পর্কের দিকেই নয়, বরং পুরো পারিবারিক ও সামাজিক কাঠামো সংস্কারের পাশাপাশি বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
সূত্র: আল জাজিরা
বিভি/এমএফআর













মন্তব্য করুন: