• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠাবে স্পেসএক্স!

প্রকাশিত: ১৪:৫৫, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠাবে স্পেসএক্স!

বর্তমানে পৃথিবীর কক্ষপথে থাকা মোট স্যাটেলাইট সংখ্যার চেয়েও প্রায় ৬০ গুণ বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপুল কম্পিউটিং চাহিদা মেটাতে মহাকাশেই বিশাল ডেটা সেন্টার গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। এ পরিকল্পনার অংশ হিসেবে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।

বুধবার (২৫ নভেম্বর) এ অনুমোদনের কথা জানায় সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ‘স্টারমাইন্ড’ নামের এই নেটওয়ার্কের স্যাটেলাইটগুলো কক্ষপথে থেকেই বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করবে। পরে সেই তথ্য পৃথিবীতে ব্যবহারের জন্য পাঠানো হবে।

স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, মহাকাশের ডেটা সেন্টারগুলো সৌরশক্তি ব্যবহার করে পরিচালনা করা হবে। এতে পৃথিবীতে স্থাপিত প্রচলিত ডেটা সেন্টারের তুলনায় বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যয় কমতে পারে বলে মনে করা হচ্ছে। 
 
প্রতিষ্ঠানটির দাবি, মহাকাশে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি পাওয়ায় এসব ডেটা সেন্টার পরিচালনায় জ্বালানি ব্যয় কমবে। পৃথিবীর ডেটা সেন্টারের মতো বিপুল বিদ্যুৎ ও পানি খরচ করে শীতলীকরণের প্রয়োজনও কমতে পারে। তবে এই প্রযুক্তির বাস্তব কার্যকারিতা এখনো পুরোপুরি প্রমাণিত নয়। 

এফসিসির শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে। ২০৩৫ সালের মধ্যে অন্তত এক লাখ এবং ২০৩৮ সালের মধ্যে অনুমোদিত সংখ্যার অর্ধেক মহাকাশে স্থাপন করতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট নিয়ে আপত্তি তুলেছে স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের স্যাটেলাইট বিভাগ অ্যামাজন লিও, ভিয়াস্যাট এবং আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। তাদের আশঙ্কা, এতে কক্ষপথে স্যাটেলাইটের ভিড়, সংঘর্ষের ঝুঁকি এবং মহাকাশ পর্যবেক্ষণে বিঘ্ন বাড়তে পারে।

স্টারলিংক নেটওয়ার্কের জন্য আগে ৪২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি চেয়েছিল স্পেসএক্স। বর্তমানে তাদের ১১ হাজারের বেশি স্যাটেলাইট কক্ষপথে রয়েছে। নতুন অনুমোদন পেলেও ১০ লাখ স্যাটেলাইটের পুরো নেটওয়ার্ক বাস্তবে গড়ে তোলা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত