• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভয়ঙ্কর রূপ নিয়েছে ওয়েস্ট নাইল ভাইরাস, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১৫:৪৫, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৫, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভয়ঙ্কর রূপ নিয়েছে ওয়েস্ট নাইল ভাইরাস, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। চলতি বছর এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে অঙ্গরাজ্যটিতে ৪৫ জনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ (সিডিপিএইচ) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি ক্যালিফোর্নিয়ায় এই ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট নাইল ভাইরাস পর্যবেক্ষণ দপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অঙ্গরাজ্যটির ২৪টি কাউন্টিতে মোট ৬১৭ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জনস্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। শুধু এই কাউন্টিতেই ৩৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২৫ জন।

অন্যান্য কাউন্টির মধ্যে অরেঞ্জ কাউন্টিতে ৮ জন, বাটে কাউন্টিতে ৩ জন, গ্লেন ও স্যাক্রামেন্টো কাউন্টিতে ২ জন করে এবং কিংস, স্ট্যানিস্লাউস, টুয়লামনি ও ইয়োলো কাউন্টিতে ১ জন করে মারা গেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথম ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে চলতি বছরটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হিসেবে রেকর্ড গড়ল। এর আগে ২০১৫ সালে অঙ্গরাজ্যটিতে সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছিল।

জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মানুষ ছাড়াও পরিবেশে ভাইরাসটির বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। এ বছর ক্যালিফোর্নিয়ার ২৯টি কাউন্টি থেকে সংগৃহীত ৪ হাজার ১৮২টি মশার নমুনায় ওয়েস্ট নাইল ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি ২৫টি কাউন্টিতে অন্তত ৮০০টি মৃত পাখির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের স্বাভাবিক গড়ের চেয়ে বেশি তাপমাত্রা এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করছে। এই উষ্ণ ও আর্দ্র পরিবেশ মশার বংশবিস্তার এবং ভাইরাসের দ্রুত সংক্রমণের জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। ফলে বছরের শেষ দিকে এসেও মশার উপদ্রব এবং সংক্রমণের হার কমছে না।

ওয়েস্ট নাইল ভাইরাস মূলত সংক্রমিত পাখির মাধ্যমে ছড়ায়। মশা যখন আক্রান্ত পাখিকে কামড়ায়, তখন মশাটি ভাইরাস বহনকারী হয়ে ওঠে এবং পরবর্তীতে ওই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি প্রবেশ করে। এটি মানুষ থেকে মানুষে সাধারণ স্পর্শে ছড়ায় না।

সূত্র: ফ্রান্স ২৪

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত