• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় নতুন গণকবর, মিলবে ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান?

প্রকাশিত: ১৫:২৬, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্রীলঙ্কায় নতুন গণকবর, মিলবে ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান?

ছবি: সংগৃহীত

কেউ হারিয়েছেন ভাই, কেউ স্বামী, আবার কেউ পরিবারের অন্য কোনো সদস্যকে। বছরের পর বছর অপেক্ষা করেও তাদের অনেকে জানতে পারেননি প্রিয়জনের শেষ পরিণতি। নিখোঁজ স্বজনদের খোঁজে আজও অপেক্ষায় আছেন বহু পরিবার।

দীর্ঘ ৩৫ বছর পর শ্রীলঙ্কার একটি গণকবরে মানুষের কঙ্কাল পাওয়ার ঘটনায় পুরোনো সেই ক্ষত আবার সামনে এসেছে। ১৯৯০ সালে তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিইর হামলায় নিহত মুসলিমদের মরদেহ সেখানে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনেরা। তাদের আশা, দেহাবশেষের পরিচয় শনাক্ত হলে দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের পরিণতি জানা সম্ভব হবে।

গত মাসে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম এলাকায় একটি গণকবর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেন আদালতের নিয়োগ করা প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা। কঙ্কালগুলোতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে উদ্ধার হওয়া দেহাবশেষ কার, কীভাবে তাদের মৃত্যু হয়েছিল এবং কোন ঘটনার সঙ্গে এর সম্পর্ক রয়েছে, এসব প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত নয়। তদন্তের মাধ্যমে কঙ্কালগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কাছে এ অনুসন্ধান নতুন আশার আলো হয়ে উঠেছে। তাদের প্রত্যাশা, দেহাবশেষের পরিচয় শনাক্ত করা গেলে কয়েক দশক ধরে অপেক্ষায় থাকা পরিবারগুলো অন্তত স্বজনদের শেষ পরিণতি জানতে পারবে। শ্রীলঙ্কায় ১৯৮৩ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত শুরু হয়। প্রায় ২৬ বছর ধরে চলা এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন। ২০০৯ সালে তামিল বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) পরাজয়ের মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটে।

দীর্ঘ এ সংঘাতে সরকারি বাহিনীর পাশাপাশি এলটিটিইর বিরুদ্ধেও বেসামরিক মানুষ হত্যার অভিযোগ রয়েছে। বিশেষ করে ১৯৯০ সালে গোষ্ঠীটির হামলায় শ্রীলঙ্কার বহু মুসলিম নিহত ও নিখোঁজ হন। তাদের অনেকের মরদেহ আজও উদ্ধার হয়নি।১৯৯০ সালের জুলাইয়ে পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম এলাকায় মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটে। বিভিন্ন হিসাবে এ হামলায় ৬০ থেকে ১৫০ জন পর্যন্ত নিহত হয়ে থাকতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। নিহতদের অনেকের মরদেহের সন্ধান আজও মেলেনি।

এর পরের মাস, আগস্টে কাত্তানকুডি ও এরাভুর এলাকার দুটি মসজিদে হামলা চালায় এলটিটিই। এসব হামলায় অন্তত ৩০০ মুসলিম নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলাগুলো শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায়ের ওপর গভীর প্রভাব ফেলে। বহু পরিবার স্বজন হারায়। নিখোঁজদের পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়ায় তাদের অপেক্ষা ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হয়।

১৯৯০ সালের অক্টোবরে উত্তরাঞ্চলে বসবাসকারী প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় এলটিটিই। তাদের মাত্র দুই দিনের মধ্যে চলে যেতে বলা হয়। সঙ্গে নেওয়ার সুযোগ দেওয়া হয় শুধু পরনের কাপড়। ফলে বহু মানুষ ঘরবাড়ি, জমিজমা ও ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে শ্রীলঙ্কার অন্য এলাকায় আশ্রয় নিতে বাধ্য হন। কয়েক দশক পেরিয়ে গেলেও তাদের অনেকে এখনো নিজ এলাকায় পুরোপুরি ফিরতে পারেননি।

বাসস্থান ও সম্পদ হারানোর পাশাপাশি স্বজন হারানোর বেদনাও বহন করে চলেছেন এসব পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছেন। শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালে মুসলিমদের হত্যা ও জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এসব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের কাছে সত্য তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন।

একসময় শ্রীলঙ্কার তামিল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক ছিল। তবে এলটিটিইর হামলা ও জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় সেই সম্পর্কে গভীর ক্ষত তৈরি হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক পরিবারের কাছে সেই বেদনা এখনো জীবন্ত। কুরুক্কালমাদামের গণকবরের সন্ধান তাই শুধু একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয়; নিখোঁজ স্বজনদের খোঁজে থাকা পরিবারগুলোর জন্যও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উদ্ধার হওয়া কঙ্কালগুলোর পরিচয় শনাক্ত করা গেলে ১৯৯০ সালের হামলায় নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে। আর সেই তথ্য হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পরিবারগুলোর সামনে তুলে ধরবে তাদের প্রিয়জনদের শেষ ঠিকানা।

সূত্র: আল-জাজিরা

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত