হামলা হলে বিশ্বের যেকোনো প্রান্তে আঘাত, ইরানের চরম হুঙ্কার
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোন ধরনের হামলার জন্য প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নতুন করে হামলা চালালে তার জবাব দিতে এই দফায় কোনো ভৌগোলিক সীমারেখা মানা হবে না। বিশ্বের যে প্রান্ত থেকেই হামলা আসুক, সেই স্থানকেই পাল্টা আঘাতের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি।
শনিবার (২৮ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হেইদারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। শত্রুপক্ষ আবারও আগ্রাসন চালালে বিশ্বের যে স্থান থেকে ইরানের ওপর হামলা হবে, সেটিই বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। একইভাবে ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকির উৎসেও আঘাত হানা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ও হুমকিকেও গুরুত্ব দিচ্ছে না তেহরান। এ প্রসঙ্গে হেইদারি বলেন, ট্রাম্পের এ ধরনের আলটিমেটাম মূলত তার নিয়ন্ত্রণ হারানোরই বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথাবার্তা ইরানের সামরিক বাহিনীর সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলে না বলে জানান তিনি।
হরমুজ প্রণালির ইস্যুতে এই সামরিক কর্মকর্তা বলেন, ইরানি বাহিনীর কর্তৃত্ব ও সামরিক সক্ষমতার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটি এখন তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই জলপথের ওপর ইরানের প্রভাব দেশটির অর্থনৈতিক ও কৌশলগত শক্তির অন্যতম বড় উৎস বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি অবস্থানে সম্প্রতি উত্তেজনার পারদ চড়ছে। গত বৃহস্পতিবার ইরানের বন্দর থেকে বের হওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। জবাবে অবরোধ মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
বিশ্লেষকদের কাছে ইরানের সর্বশেষ বক্তব্যের তাৎপর্য হলো, সম্ভাব্য সংঘাতকে শুধু ইরান, ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ রাখার ইঙ্গিত দিচ্ছে না তেহরান। তবে বিশ্বের যেকোনো স্থানে হামলার হুমকিকে লক্ষ্যবস্তু করার এই বক্তব্য বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হেইদারি।
বিভি/এইচজে













মন্তব্য করুন: