• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এবার মাদরাসা নিয়ে বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার

প্রকাশিত: ১৮:৫২, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার মাদরাসা নিয়ে বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাদরাসাগুলো নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে রাজ্যটির মাদরাসাগুলোতে প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বর্তমান বিজেপি শাসিত সরকার। এখন থেকে সরকারি অনুমোদনপ্রাপ্ত সব মাদ্রাসা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো শুধু রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। 

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। রাজ্যের সব মাদ্রাসা কর্তৃপক্ষকে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতদিন পশ্চিমবঙ্গের অনেক মাদ্রাসায় জুমার নামাজের কারণে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। এর পরিবর্তে রোববার প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান পরিচালনা করা হতো। দীর্ঘদিনের এই প্রচলিত নিয়ম এবার বাতিলের নির্দেশ দিল মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুসরণ করে রোববার ছাড়া অন্য কোনো দিন সাপ্তাহিক ছুটি দেওয়া যাবে না। তবে ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির দিনগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। অর্থাৎ সরকারি ছুটির তালিকা অনুযায়ী মাদ্রাসা বন্ধ রাখা যাবে। অন্যদিকে, সাধারণ কর্মদিবসে শুক্রবারসহ সপ্তাহের ছয় দিনই পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম চালু রাখতে হবে।

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় মাদ্রাসার ছুটির নিয়মেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠ্যক্রম, শিক্ষার্থীদের পোশাকবিধি, ফি কাঠামো এবং উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটির নিয়মেও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য আনা হলো।

এর আগে চলতি বছরের অক্টোবরে উত্তরাখণ্ড সরকারও স্বীকৃত মাদ্রাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেয়। এবার একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারে রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপ এটিই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে অনুমোদনহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

উপযুক্ত নথিপত্রের অভাব, প্রয়োজনীয় অবকাঠামো না থাকা, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা অপর্যাপ্ত হওয়া এবং আর্থিক তহবিলের উৎস নিয়ে অসংগতির অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত