ক্ষমতার জন্য নেতানিয়াহুর নতুন চালাকি, দিলেন প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
ইসরাইলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সরকারের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে প্রথম মেয়াদে দায়িত্ব দেওয়ার এবং নিজে দ্বিতীয় অবস্থানে থেকে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিতে পারেন তিনি।
শুক্রবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলে এ প্রস্তাব নিয়ে মতবিভক্তি রয়েছে। কান পাবলিক ব্রডকাস্টারের তথ্য অনুযায়ী, অনানুষ্ঠানিক মাধ্যমে ইতোমধ্যে আইজেনকটের কাছে প্রস্তাবটি পৌঁছানো হয়েছে। তবে এ বিষয়ে লিকুদ পার্টির অবস্থান এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে, নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে সন্দিহান আইজেনকট আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৬ ডিসেম্বর তার সরকার গঠনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা। তবে প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের কাছে আরও ১৪ দিন সময় চাইতে পারবেন।
এদিকে, নেতানিয়াহুর সম্ভাব্য প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, নেতানিয়াহু আইজেনকটকে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিতে পারেন। তবে এটি লিকুদকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের উদ্যোগ ভেস্তে দেওয়ার কৌশলও হতে পারে।
লিবারম্যানের আশঙ্কা, নেতানিয়াহু ঐক্য সরকার নিয়ে আলোচনা দীর্ঘায়িত করে শেষ মুহূর্তে তা ভেঙে দিতে পারেন। এমনকি লিকুদকে নিয়ে সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে সংকট তৈরি করে আবার নির্বাচনের পথে যেতে পারেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকট তার জোটসঙ্গী লিবারম্যান ও ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানকে আশ্বাস দিয়েছেন, তাদের অনুমতি ছাড়া নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের চেষ্টা করবেন না।
তবে আইজেনকটের চারদলীয় জোটের আসনসংখ্যা ৪৮, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। সংখ্যাগরিষ্ঠতা পেতে তাকে আরব নেতৃত্বাধীন দল, অতি-রক্ষণশীল ইহুদি দল অথবা উভয় পক্ষের সমর্থন নিতে হতে পারে।
আইজেনকট জানিয়েছেন, লিকুদের সঙ্গে আলোচনায় তিনি সমঝোতায় আগ্রহী। তবে তার অভিযোগ, গত দুই সপ্তাহে দুই দলের প্রতিনিধিদল মাত্র পাঁচবার বৈঠক করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, সরকারের কথিত উগ্রপন্থীদের সরানো এবং সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি লিকুদ।
রবিবার আইজেনকট ও ঐক্যবদ্ধ পার্টির নেতা নাফতালি বেনেটের বৈঠকের কথা রয়েছে। সামরিক বাহিনীতে অতি-রক্ষণশীল ইহুদিদের নিয়োগসংক্রান্ত মতবিরোধের কারণে তাদের আগের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছিল।
বিভি/এজেড













মন্তব্য করুন: