সমকামিতা-ইসরায়েল প্রেম-কবি হত্যা; প্রকাশ্যে আমিরাতের গোপন অধ্যায়!
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারে ক্ষমতার লড়াইয়ে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল সমকামিতার ভিডিও। চিকিৎসার আড়ালে সাবেক প্রেসিডেন্টকে অক্ষম করে রাখার অভিযোগও রয়েছে। এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করায় দেশটির এক প্রখ্যাত কবিকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আমিরাত ও সৌদি আরবের গোপন আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর বিবরণও উঠে এসেছে নতুন এক অনুসন্ধানী বইয়ে।
মার্কিন সাংবাদিক ম্যাথিউ কোলের লেখা বইটির নাম ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদ’স সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’। গত ২৭ অক্টোবর প্রকাশিত বইটিতে মূলত আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং কুশনারের মধ্যকার সম্পর্ক ও মধ্যপ্রাচ্য নিয়ে তাদের কথিত গোপন পরিকল্পনার বিবরণ রয়েছে।
এই বইয়েই দাবি করা হয়েছে, নব্বইয়ের দশকে সিংহাসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী শেখ খলিফাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে দক্ষিণ ইউরোপের একটি হোটেলকক্ষে এক পুরুষের সঙ্গে খলিফার যৌন সম্পর্কের দৃশ্য গোপনে ধারণ করিয়েছিলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।। পরবর্তী সময়ে ওই ভিডিও তাদের বাবা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পৌঁছে দেওয়া হয়। ক্ষমতার লড়াইয়ে ভাইকে দুর্বল করতেই এমন ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি লেখকের।
চিকিৎসার নামে ভাইকে অক্ষম করে রাখার অভিযোগ
২০০৪ সালে বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর শেখ খলিফা হন আমিরাতের প্রেসিডেন্ট। অন্যদিকে, আবুধাবির যুবরাজ হিসেবে রাষ্ট্র পরিচালনায় ক্রমেই প্রভাবশালী হয়ে উঠতে থাকেন মোহাম্মদ বিন জায়েদ।
বইয়ে দাবি করা হয়েছে, সে সময় শেখ খলিফাকে এমন কিছু চিকিৎসা দেওয়া হয়েছিল, যার ফলে তার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ও স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায়। এ ঘটনায় একজন মার্কিন নার্সের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেছেন লেখক।
২০১৪ সালে শেখ খলিফা স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কার্যত আমিরাতের শাসনক্ষমতা পরিচালনা করতে থাকেন মোহাম্মদ বিন জায়েদ। ২০২২ সালে খলিফার মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হন তিনি।
সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি আমিরাতের কবি ও সাংবাদিক হাবিব আল সায়েঘের মৃত্যু নিয়ে। ২০১৯ সালে ইসরায়েলকে শত্রু আখ্যা দিয়ে কলাম লেখার পর তাকে আটক ও নির্যাতন করে হত্যা করা হয়েছিল বলে বইয়ে দাবি করা হয়েছে। এ ঘটনায় জাতিসংঘের স্বাধীন তদন্ত চেয়ে আবেদন করেছে মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডন)।
অন্যদিকে, ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনারের সঙ্গে গোপন আর্থিক সমঝোতার অভিযোগও তুলেছেন কোল। তার দাবি, আমিরাত ও সৌদি আরবের দুই শাসক অন্তত ২০০ কোটি ডলার এমন কিছু ব্যাংক হিসাবে রেখেছিলেন, যেগুলোতে কুশনারের প্রবেশাধিকার ছিল।
বিভি/এইচজে













মন্তব্য করুন: