বেসরকারি বিদ্যালয়ের প্রধান-সহকারী প্রধান পদে পরীক্ষা কবে, জানালো এনটিআরসিএ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে ৮০ হাজারের বেশি শিক্ষক আবেদন করেছেন। প্রার্থী নির্বাচন ১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষার মাধ্যমে হবে। লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৭ ও ১৮ এপ্রিল বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, শিগগিরই অফিস আদেশ জারি হবে। এবারই প্রথমবার এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। গত ২৯ জানুয়ারি পদগুলোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ৩ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৬ ফেব্রুয়ারি। তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন এসেছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে।
নিয়োগ পরীক্ষা ১০০ নম্বরের পূর্ণাঙ্গ:
১। ৮০ নম্বর লিখিত পরীক্ষা (MCQ)– এক ঘণ্টা সময়, ৮০টি প্রশ্ন, সঠিক উত্তরে ১ নম্বর, ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা।
২। ১২ নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদ।
৩। ৮ নম্বর মৌখিক পরীক্ষা।
প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রতিটি অংশে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয় গত ২৭ জানুয়ারি জারি করা এক পরিপত্রে বেসরকারি বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দিয়েছে। সংস্থাটি ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করছে এবং ২০১৬ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি-লেভেলের শিক্ষক ও প্রভাষক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন ও সুপারিশ করছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: