• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

এনটিআরসিএর নতুন বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ ১২ হাজার ৯৫১

প্রকাশিত: ১৪:২৪, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এনটিআরসিএর নতুন বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ ১২ হাজার ৯৫১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত সংশোধিত এই বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি। এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বুধবার (২৫ মার্চ ) জানানো হয়, নতুন তালিকা অনুযায়ী মোট শূন্য পদ রয়েছে ১২ হাজার ৯৫১টি।

কোন অধিদফতরে কতো পদ

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী

১. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতায় শূন্য পদ: ৯,৭০৮টি
২. কারিগরি শিক্ষা অধিদফতরে শূন্য পদ: ১১২টি
৩. মাদ্রাসা শিক্ষা অধিদফতরে শূন্য পদ: ৩,১৩১টি

এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল ১৩ হাজার ৫৯৯টি। নতুন হিসেবে কমেছে মোট ৬৪৮টি পদ।

পদসংখ্যা কমার ক্ষেত্রে

১. মাউশি অধিদফতরে কমেছে ৫৭০টি পদ
২. কারিগরি শিক্ষা অধিদফতরে কমেছে ৭৮টি পদ
৩. মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পদসংখ্যা অপরিবর্তিত রয়েছে

আগের আবেদন বাতিল

এনটিআরসিএ জানিয়েছে, পূর্বের বিজ্ঞপ্তির আওতায় যেসব প্রার্থী আবেদন করেছিলেন, সেসব আবেদন বাতিল করা হয়েছে। আবেদন ফি অনলাইন ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে। তবে অনলাইন চার্জ ও টেলিটক ফি ফেরতযোগ্য নয়। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতি ও ফি

প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

গুরুত্বপূর্ণ সময়সীমা
আবেদন শুরু: ২৮ মার্চ ২০২৬
আবেদন শেষ: ৫ এপ্রিল ২০২৬

বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটক প্ল্যাটফর্মে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: