ভূমিসেবায় দুর্নীতি রোধে ডিসিদের সহযোগিতা চাইলেন মন্ত্রী
ভূমিসেবায় দুর্নীতি ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চেয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
অন্যদিকে পার্বত্য অঞ্চলে নিরাপত্তার কোন সংকট নেই বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলা প্রশাসকদের সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব জানান তারা।
বুধবার (৬ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ডিসিদের সাথে মত বিনিময় করেছেন ভূমি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
বৈঠক শেষে ভুমিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ের ভূমি সমস্যা ও সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের সহায়তা করার নির্দেশনা দেয়া হয়েছে।
দ্বিতীয় অধিবেশনে বৈঠক করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনণালয়। বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এবং স্থানীয় জলাশয় সংরক্ষণে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ ও পানি সংকটসহ নানা সমস্যার সমাধানের বিষয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময়ের কথা জানান পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বিভি/এসএম/এজেড













মন্তব্য করুন: