স্পিকারের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী স্লোভেনিয়া
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্লোভেনিয়া। পাশাপাশি দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন। যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছে।
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের পরও গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করেছে। বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়।
তিনি আরও বলেন, গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে স্থায়ীভাবে কুক্ষিগত করে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে দেশের আপামর ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। স্লোভেনিয়া সরকার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান। সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: