• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৮, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৭, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

সীমান্তের নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নবনির্মিত ‘নারায়ণপুর বিওপি’ (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধন করা হয়েছে। নতুন এই বিওপি চালুর ফলে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নবনির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। পরে বিওপির নামফলক উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতেই নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার এবং পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।

বিভি/পঞ্চগড়/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত