বাস থেকে চাঁদাবাজি: টিআইবি`র প্রতিবেদনের প্রতিবাদ বাস মালিকদের
গণপরিবহন থেকে বছরে হাজার কোটি টাকা চাঁদাবাজি-অনিয়ম হচ্ছে বলে তথ্য-উপাত্ত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির এমন তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতি।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন, সহ-সভাপতি এ্যাড. মাহবুবুর রহমান, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, অতিরিক্ত মহাসচিব আমিনুল হক শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক ভূইয়া হুমায়ূন কবির তপন, মো. হাবিবুর রহমান ও কোষাধ্যক্ষ আজমল উদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেন যে, গতকাল ৫ মার্চ টিআইবি'র ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে "ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার" শীর্ষক প্রতিবেদনটি ৬ মার্চ' জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ফলাও করে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে নানা অসঙ্গতির প্রতি আমাদের দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয়েছে।
তারা বলেন, টিআইবি অসত্য দিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে যার সাথে বাস্তবতার কোনো মিল নাই। প্রকৃতপক্ষে মালিক সংগঠন নির্ধারিত পরিচালনা ব্যয়ের অতিরিক্ত অর্থ কখনো আদায় করে না। এর বাহিরে কেউ অবৈধ চাঁদা আদায় করলে তা কঠোর হস্তে প্রতিহত করা হয় এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়।
টিআইবি'র এ ধরনের অসত্য ও মনগড়া তথ্য প্রকাশ করায় ব্যক্তিমালিকানাধীন বাস মালিক ও শ্রমিক সংগঠনের ভাবমূর্তি বিশেষভাবে ক্ষুন্ন হয়েছে। পাশাপাশি জনগণ ও প্রশাসনের মধ্যেও ভূলভ্রান্তি সৃষ্টি হয়েছে- যা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন নেতৃবৃন্দ। মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিভি/এসএইচ/রিসি













মন্তব্য করুন: