• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সমন্বয়ের নামে বিদ্যুতের দাম বৃদ্ধি ভোক্তাদের নাভিশ্বাস বাড়াবে: সিপিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ১৩ মার্চ ২০২৪

আপডেট: ১৩:৩১, ১৩ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সমন্বয়ের নামে বিদ্যুতের দাম বৃদ্ধি ভোক্তাদের নাভিশ্বাস বাড়াবে: সিপিডি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে ভোক্তাদের মাসিক খরচ গড়ে ৯ দশমিক ৪ শতাংশ বাড়বে; নিম্ম থেকে মধ্যবিত্ত পরিবারের খরচ বাড়বে ১০৬ থেকে ১১৮ টাকা- সিপিডির গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিদ্যুতের দাম নিয়ে রাজধানীতে ব্রিফিং করে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি। বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি; ভর্তুকি সমন্বয়ের অন্য বিকল্প আছে কী? এই শিরোনামে করা এক প্রতিবেদন তুলে ধরেন সিপিডির গবেষকরা। 

বিদ্যুতের বর্ধিত ক্যাপাসিটি না কমিয়ে এ খাতের ভর্তুকির চাপ সম্পূর্ণ ভোক্তার ওপর চাপিয়ে দেয়া অযৌক্তিক- বলেন সিপিডির গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। সমন্বয়ের নামে দাম বৃদ্ধি ভোক্তাদের নাভিশ্বাস বাড়াবে বলেও মত গবেষণা সংস্থাটির। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদ্যুতের বর্ধিত ক্যাপাসিটির খরচ না কমিয়ে ভর্তুকির চাপ ভোক্তার ওপর চাপানো অযৌক্তিক। চাহিদার তুলনায় তিনগুণ হারে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পেছনে সরকারের ভেতরে-বাইরে যোগসাজসের ইঙ্গিত সিপিডি'র। 

ইউনিট প্রতি ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বেড়েছে বিদ্যুতের দাম। ৮ দশমিক ৫ শতাংশ দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত ফেব্রুয়ারি থেকে কার্যকরের ঘোষণা দিয়ে ভোক্তার ওপর এক বছরের ব্যবধানে সাড়ে ১৭ শতাংশ বাড়তি খরচের বোঝা চাপিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। 

এই তথ্য তুলে ধরে সিপিডির গবেষকরা বলছেন, ভর্তুকি সমন্বয়ের নামে দরবৃদ্ধির ফলে শিল্পকারখানার খরচের পাশাপাশি ভোক্তাদের খরচ বাড়বে ৯.৪ শতাংশ। 

নিয়ন্ত্রক সংস্থা-বিইআরসি'কে পাস কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে মনে করে সিপিডি। চাহিদার তুলনায় দ্বিগুণ হারে বাড়তে থাকা উৎপাদন সক্ষমতা সমন্বয় না করে ভোক্তার ওপর বাড়তি চাপ দেয়ার সমালোচনা করেন তারা। 

সিপিডি বলছে, পরিকল্পনামাফিক সরকার আরও দু'বার দাম বৃদ্ধি করলে অর্থনীতিতে চাপ আরও বাড়বে। তাই বিদ্যুৎ-জ্বালানির মূল্য সমন্বয়ে বিইআরসির গণশুনানির পদ্ধতি পুনর্বহালের তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত