সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে
ফাইল ছবি
স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থবোধ করায় বেগম খালেদা জিয়াকে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে নিয়মিত চেকআপের জন্য আজকে ইফতারের পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। ওখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর মেডিকেল বোর্ড তাঁর পরবর্তি চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”
সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবার গুলশানেরর বাস ভবনে ফিরে আসেন।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন। সর্বশেষ গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।
অধ্যাপক জাহিদ জানান, মেডিকেল বোর্ডে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নূরউদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এসএম জাফর ইকবাল প্রমূখের পাশপাশি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী কার্ডিওলজিস্ট ডা. জোবায়েদা রহমান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ইন্টারনেটের মাধ্যমে এই বোর্ডের সদস্য হিসেবে যুক্ত থাকেন। টানা ৫ মাস ৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ ফেব্রুয়ারি এভারকেয়ারে যান।
বিভি/রিসি













মন্তব্য করুন: